২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শস্যবীমা করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের বাঁচাতে শস্যবীমা চালুর উদ্যোগ নেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের বাঁচাতে শস্যবীমা চালুর উদ্যোগ নেবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ডাল, আদা, রসুনসহ মশলা উৎপাদনের জন্য কৃষকদের মাত্র দুই শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। কৃষক লীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে গণভবনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব বলেন। কৃষি ক্ষেত্রে সরকারের ব্যাপক সাফল্য দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "সরকার মাত্র দু'বছরে যা করেছে, বিএনপি-জামায়াত জোট পাঁচ বছরে তার ধারে কাছেও আসতে পারেনি। "চালের মূল্য বৃদ্ধির কারণে জনগণের যাতে কষ্ট না হয়, সেজন্য বিদেশ থেকে বেশি দামে চাল কিনে এনে কম দামে বিক্রি করা হচ্ছে।" এখনো দেশে খাদ্যের মূল্য ২০০৮ সালের তুলনায় কম রয়েছে বলে তিনি দাবি করেন। কৃষক লীগ সভাপতি মির্জা আব্দুল জলিলের সভাপতিত্বে এ আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/পিডি/০০১০ ঘ.