ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিংড়ি শিল্পে শিশু শ্রম বন্ধ এবং নারীসহ সব শ্রমিককে ন্যায্য মজুরি দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি বলেছেন, "শ্রমিকদের ন্যায্য মজুরি না দেওয়া হলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
রাজধানীর মৎস্য অধিদপ্তর মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সেমিনারে মন্ত্রী একথা বলেন।
মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) ও হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতি (বিএফএফইএ) 'চিংড়ি প্রক্রিয়া খাতে শ্রম আইন অনুসরন ও বাস্তবায়ন' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
চিংড়ি শিল্পের প্রতি বিগত সরকারগুলোর নীতি-নির্ধারকদের উদাসীনতার কথা উল্লেখ করে আব্দুল লতিফ বলেন, "চিংড়ির গুণগত মান সংরক্ষণে তারা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গুণগত মানের অবক্ষয় হয়েছে।"
দেশের চিংড়ি কারখানার মধ্যে ১০টি ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, অন্য কারখানাগুলোর অবস্থাও ভালো। শিগগিরই এগুলো প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ ও শ্রম আইন বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়ার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান ও বিএফএফইএ'র সভাপতি কাজী শাহনেওয়াজ।
বিএসএফএফ'র নির্বাহী পরিচালক ড. মাহমুদুল করিম এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/১৯৪৩ ঘ.
bdnews24