নারায়ণগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি দোকান থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
রোববার বিকালে একরামপুর ইস্পাহানী বাজারের এ চাল পাওয়া যায়।
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে পুলিশের এক কনস্টেবল স্থানীয় আনোয়ারের (৪৫) দোকানে ওএমএস-এর চাল বিক্রি করতে দেখে থানায় খবর দেন।
এরপর পুলিশ ওই দোকানের পেছনের গুদাম থেকে ১৬৫ বস্তা ওএমএস-এর চাল উদ্ধার করে।
বস্তাগুলোতে সরকারি সিল রয়েছে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, অবৈধভাবে সরকারি চাল রাখার অপরাধে ব্যবসায়ী আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আনোয়ার জানিয়েছেন তিনি জসিম নামে এক ব্যক্তির কাছ থেকে এ চাল কেনেন, বলেন ওসি হারুন-অর-রশিদ।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৫ ঘ.
bdnews24