২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটের জন্য মাশুল প্রাপ্য: রিজভী

ট্রানজিটের বিনিময়ে মাশুল চাওয়ার অধিকার পুরোপুরি বাংলাদেশের থাকলেও এর হার যৌক্তিকভাবে নির্ধারণের পরামর্শ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর। শেখ শাহরিয়ার জামানকে দেওয়া এক সাক্ষাৎকারে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কথাও বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে মাশুল চাওয়ার অধিকার পুরোপুরি বাংলাদেশের রয়েছে জানিয়ে গওহর রিজভী বলেছেন, এ মাশুলের পরিমাণ এমন হওয়াটাই সঙ্গত যাতে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খরচ মেটানো যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, "এটি (মাশুল) বাংলাদেশের প্রাপ্য। আর বাংলাদেশ যে পরিমাণ মাশুল যথার্থ বলে ঠিক করবে, ভারত- নেপাল-ভুটানকে তা দিতে হবে।" বিনা মাশুলে ট্রানজিট সুবিধা দেওয়ার কোনো যৌক্তিকতাই নেই- এ মন্তব্য করে রিজভী বলেন, ভারত, নেপাল বা ভুটান কেউই এ ধরনের হাস্যকর অনুরোধ করেনি। তবে মাশুল নির্ধারণ যৌক্তিকভাবে নির্ধারণের পরামর্শ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, "যে মুরগি সোনার ডিম দেয়, বেশি পাওয়ার আশায় তাকে মেরে ফেলা ঠিক হবে না।" বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের ফলে বেঁচে যাওয়া পরিবহন ব্যয়ের একটি অংশ সংশ্লিষ্ট দেশকে দিতে হবে- এমন দাবি করা ঠিক বলে মনে করেন না উপদেষ্টা। তিনি বলেন, "উত্তমাশা অন্তরীপ ঘুরে দীর্ঘ পথে না গিয়ে জাহাজগুলোর সুয়েজ খাল ব্যবহার করায় যে অর্থ সাশ্রয় হবে, তার অংশ মিশরকে দিতে হবে- এটা এমন কথারই শামিল।" আঞ্চলিক সহযোগিতা পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন, পরস্পরবিরোধী অবস্থান নয়, বরং সহযোগিতাপূর্ণ মনোভাবেই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিহিত রয়েছে। "প্রতিবেশীদের কাছে হাত পেতে অতীতে লাভ হয়নি। ভবিষ্যতেও ফলাফল একই হবে", বলেন তিনি। আঞ্চলিক, উপ-আঞ্চলিক সহযোগিতা, সংহতি ও পারস্পরিক নির্ভরতার মাধ্যমে সহযোগিতার উন্নয়নই উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বর্তমানে এ অঞ্চল দারিদ্র্য, পানি সঙ্কট, সন্ত্রাসবাদ, মানব পাচার ও খাদ্য নিরাপত্তাসহ আরো অনেক বহুপাক্ষিক ও পারস্পরিক সমস্যা মোকাবেলা করছে। এ সব সমস্যা এককভাবে সমাধানের কোনো সুযোগ নেই, বরং আঞ্চলিক ও দ্বিপাক্ষিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যাগুলো মোকাবেলা করতে হবে, বলেন উপদেষ্টা। আন্তঃযোগাযোগ ব্যবস্থা নিবিড় যোগাযোগ প্রতিবেশী দেশগুলোকে বাংলাদেশের অগ্রগতি, স্থিতিশীলতা ও নিরাপত্তায় অংশীদার করবে বলে মন্তব্য করেন উপদেষ্টা রিজভী। তিনি বলেন, এর ফলে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। "তবে তা রাতারাতি ঘটা সম্ভব নয়", একইসঙ্গে বলেন তিনি। রিজভী বলেন, "আমাদের এমন পরিবেশ তৈরি করতে হবে, যেন আমাদের বাণিজ্যিক অংশীদাররা নিরাপদ বোধ করে। "আমাদের অবকাঠামো আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে হবে। আমাদের রীতি-নীতি, নিয়ম-কানুন, চুক্তি ও প্রাতিষ্ঠানিক বন্দোবস্তগুলো এমন করতে হবে, যাতে তারা অস্বস্তি বোধ না করে।" "এক্ষেত্রে পাকিস্তান আমল থেকে চলে আসা মনোজাগতিক ধ্যান-ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিৎ, অন্য কী পেলো তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে জাতি হিসেবে আমাদের অর্জন কী- তা দেখা", বলেন রিজভী। সরকারের অবস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১'র মূল প্রতিশ্র"তিগুলোর মধ্যে একটি বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা। আর তা অর্জনে যোগাযোগকেই গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তুলে ধরে উপদেষ্টা রিজভী বলেন, "ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা এবং বাংলাদেশে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া।" তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অগ্রযাত্রার গতি বেশ দ্রুত। শিল্প ও কৃষি উৎপাদনে দ্রুত উন্নয়ন করছে এ দেশ। সেই সঙ্গে উদ্বৃত্ত ফসল ও অন্যান্য পণ্যের জন্য বিদেশে বাজারও খোঁজা হচ্ছে। জনবহুল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীনকে দেখিয়ে রিজভী বলেন, "প্রায় আড়াইশ' কোটি ভোক্তার এ বাজারের সদ্ব্যবহার আমরা করতে পারিনি শুধু যোগাযোগ ব্যবস্থার ঘাটতির কারণে।" তার মতে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বাণিজ্য বাড়বে, বাড়বে মানুষের আসা-যাওয়া। আর তা অন্যদেরও বাংলাদেশে নিয়ে আসবে। পাশাপাশি উত্তরপূর্ব ভারত, চীন ও মিয়ানমারে বাংলাদেশের বাণিজ্যের দ্বারও খুলে দেবে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আমাদের দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা জোরদার হয়ে ওঠে বলে রিজভী। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, রাজস্ব বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এর ফলে নেপাল ও ভুটান বাংলাদেশের বন্দর ব্যবহারের মধ্যে দিয়ে তৃতীয় বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংহতি দৃঢ় করবে, বলেন উপদেষ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এমআই/২০৫০ ঘ.