আবদুর রহিম হারমাছি
ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বলেছে, পুঁজিবাজারের 'সাধারণ কর্মপদ্ধতি' সম্পর্কে 'স্পষ্ট ধারণা' না থাকায় কেবল সাধারণ ধারণার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিতে এসইসি বলেছে, 'এই তদন্ত রিপোর্টটি সাধারণভাবে ধারণার (পারসেপশন) ওপর ভিত্তি করে রচিত। এই রিপোর্ট অনুযায়ী কারো বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া খুব সহজ হবে না।'
গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে জমা দেওয়া তদন্ত কমিটির ৩০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনের জবাবে গত সপ্তাহে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের বরাবরে আট পৃষ্ঠার এই চিঠি পাঠায় এসইসি। মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার স্বাক্ষরিত ওই চিঠির একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। তবে এসইসি প্রধান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওই চিঠিতে পুঁজিবাজার তদন্ত কমিটিকে সংক্ষেপে 'পুতক' নামে উল্লেখ করেছে এসইসি। এতে বলা হয়েছে, 'পুতক বাংলাদেশ ব্যাংকের পক্ষে এবং এসইসির বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং তথ্যের সত্যতা সম্পর্কে কোনোরূপ যাচাই-বাছাই ছাড়াই মন্তব্য করেছে।'
প্রতিবেদনের বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ দেখে এসইসির কাছে 'প্রতিয়মান' হয়েছে যে, পুঁজিবাজারের সাধারণ কর্মপদ্ধতি সম্পর্কেই কমিটির 'সম্যক ধারণার' অভাব রয়েছে।
'পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের উপর মন্তব্য' শিরোনামে ওই চিঠির শুরুতেই বলা হয়েছে, পুতকের প্রতিবেদনে শেয়ার বাজারের সা
bdnews24