ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটের ক্ষেত্রে ভূখণ্ড ব্যবহারের জন্য আন্তর্জাতিক প্রথা অনুযায়ী বাংলাদেশকে মাশুল দেবে ভারত।
শনিবার দুই দেশের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা।
দুদিনের সফরের প্রথম দিনেই বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর দুজনই সংবাদ সম্মেলনে আসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের তৈরি পোশাকের কোটামুক্ত রপ্তানির সীমা ৮০ লাখ পিস থেকে ১ কোটি পিসে উন্নীত করেছে ভারত। আর তা এ বছর থেকে প্রযোজ্য হবে।
ভারতের বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ চাইলে ৩ লাখ টন চাল ও ২ লাখ টন গম অল্প সময়ের মধ্যে পাঠিয়ে দিতে তার দেশ প্রস্তুত রয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সফরের সময়ে বাংলাদেশ ৫ লাখ টন খাদ্যশস্য আমদানির বিষয়টি চূড়ান্ত করে।
বাংলাদেশ ৬১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়ে আসছে। প্রতিবেশী দেশকে এ সুবিধা দেওয়ার বিষয়টি নয়াদিল্লির সক্রিয় বিবেচনায় থাকার কথা আনন্দ শর্মা জানিয়েছেন।
ট্রানজিটের বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক রীতি-নীতি মেনেই ট্রানজিটের জন্য একটি মাশুল দেওয়া হবে।"
চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়ে ভারতের পক্ষ থেকে একটি প্রোটোকল দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ট্রানজিটের মাশুল নির্ধারণে বাংলাদেশ সরকার কাজ করছে জানিয়ে ফারুক খান বলেন, এটি শিগগিরই চূড়ান্ত হবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এক্ষেত্রে দেওয়া ভারতের ১০০ কোটি ডলার সহায়তার ব্যবহার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
পোশাক রপ্তানির কোটা বেড়েছে জানিয়ে ফারুক বলেন, এ বছরের মধ্যেই নতুন কোটা সুবিধা পুরোপুরি পাবে বাংলাদেশ।
ভারতের বাজারে ৬১ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে আশ্বাস পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ নিয়ে আলোচনা চলছে। তবে কবে নাগাদ তা পাওয়া যাবে সুনির্দিষ্ট করে বলা সম্ভবপর নয়।
বাংলাদেশের পাট আমদানির ওপর বিধিনিষেধ ভারত তুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও ফারুক জানান।
খাদ্যশস্যের বিষয়ে আনন্দ শর্মা বলেন, "৩ লাখ টন চাল ও ২ লাখ টন গম পাঠাতে আমরা তৈরি। চট্টগ্রাম কিংবা মংলা- কোন বন্দরে পাঠাতে হবে- তা আমাদের জানানো মাত্রই তা পাঠিয়ে দেওয়া হবে।"
বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি কমাতে নয়াদিল্লির আগ্রহের কথাও জানান আনন্দ শর্মা। এক্ষেত্রে বেসরকারি পর্যায়ে বাংলাদেশে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি।
ভারতের মন্ত্রী বলেন, "এ বিনিয়োগ কর্মসংস্থান তৈরি করবে। পাশাপাশি রপ্তানিপণ্যের উৎপাদন বাড়িয়ে তা ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।"
বাংলাদেশ-ভারত বাণিজ্যের পাল্লা এখন নয়াদিল্লির দিকে অনেকটাই ঝুঁকে রয়েছে।
২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ৩০ কোটি ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি করে ভারতে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ৩২১ কোটি ডলারেরও বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৮২১ ঘ.
bdnews24