২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মবিল যমুনা ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির সময় বৃদ্ধি

বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিও সংগ্রহকারী মবিল যমুনা ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির জন্য আরো দুই সপ্তাহ সময় দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিও সংগ্রহকারী মবিল যমুনা ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির জন্য আরো দুই সপ্তাহ সময় দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বৃহস্পতিবার সকালে কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। এ নিয়ে মবিল যমুনার ক্ষেত্রে তৃতীয় এবং এমআই সিমেন্টের ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো হলো। সাইফুর রহমান বলেন, "প্রতিষ্ঠান দুটির তালিকাভুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হওয়ায়, তালিকাভুক্তির মেয়াদ আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।" তবে ঠিক কী অগ্রগতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। এমআই সিমেন্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমআই সিমেন্টের শেয়ারের মূল্য প্রাথমিক দরের চেয়ে নিচে নেমে গেলে আমার স্পন্সর পরিচালকেরা নিজেদের টাকা দিয়ে বরাদ্দপ্রাপ্তদের কাছ থেকে শেয়ার কিনে নেওয়ার একটি প্রস্তাব দিয়েছি। এক্ষেত্রে কোম্পানির টাকা বা প্রিমিয়ামের কোনো টাকা ব্যবহার করা হবে না। এখন দেখা যাক, এসইসি এক্ষেত্রে কী নির্দেশনা দেয়।" চলতি বছরের জানুয়ারিতে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে ৬০৯ কোটি টাকার তহবিল সংগ্রহ করে মবিল যমুনা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়াম আদায় করে তারা। ফলে তাদের পিই রেশিও (শেয়ার অনুপাতে আয়) দাঁড়ায় ৭০। একই পদ্ধতিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়াম নিয়ে এম আই সিমেন্ট নামের আরেকটি প্রতিষ্ঠান বাজার থেকে মোট ৩৩৫ কোটি টাকা তুলে নেয়। এতে তাদের পিই রেশিও দাঁড়ায় ৫০। এ দুটি প্রতিষ্ঠানের 'অতিমূল্যায়িত' শেয়ার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি প্রতিষ্ঠান দুটির আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়। বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করার পর মোবিল যমুনা ও এম আই সিমেন্ট তাদের তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধন্তে আসার আবেদন জানালে এসইসির পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটিকে বলা হয়, তাদের শেয়ারের দাম ছয় মাসের মধ্যে ইস্যুমূল্যের নিচে নেমে গেলে কোম্পানির পরিচালকদের পক্ষ থেকে শেয়ার মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু মোবিল যমুনা তা না মেনে বিকল্প প্রস্তাব দেয়। এতে বলা হয়, শেয়ারের দাম ইস্যুমূল্যের চেয়ে কমে গেলে কেবল প্রাথমিক বরাদ্দপ্রাপ্তদেরই ক্ষতিপূরণ দেবে তারা। এই ক্ষতিপূরণ দেওয়া হবে প্রিমিয়াম হিসাবে নেওয়া টাকা থেকে। সেকেন্ডারি মার্কেট থেকে মোবিল যমুনার শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হলে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও উল্লেখ করে মোবিল যমুনা। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এই শর্তে তালিকাভুক্তিতে আপত্তি জানিয়ে বলে, কোম্পানি আইন অনুযায়ী প্রিমিয়ামের টাকা শেয়ার মালিকদের ক্ষতিপূরণের কাজে ব্যবহার করা যায় না। নিয়ম অনুযায়ী, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়। সেই হিসেবে ৩১ মার্চ ছিলো এমজেএল-এর তালিকাভুক্তির শেষ দিন। এ কারণে এসইসি প্রথমে দুই সপ্তাহ, পরে আরো একসপ্তাহ সময় বৃদ্ধি করলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২১৪৪ ঘ.