ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সরকারের নেই।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রী ফারুক খানের সঙ্গে এক বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডিলানি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "এই মুহূর্তে শুল্কহার পরিবর্তনের কোনো পরিকল্পনা আমাদের নেই।"
গত বছর চারশ কোটি ডলার মূল্যের বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য ব্যবসায়ীদের পঞ্চাশ কোটি ডলার শুল্ক দিতে হয়েছে। অথচ ফ্রান্সের মতো ধনী দেশ তিন হাজার কোটি ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেও শুল্ক দিয়েছে বাংলাদেশের চেয়ে কম।
ডিলানি বলেন, দোহা সম্মেলনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রতিশ্র"তিবদ্ধ। এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই শুল্কহার কমে আসবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড এন্ড ইকোনমিক কো-অপারেশন ফোরাম (টিইসিএফ) গঠনের বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে একটি প্রস্তাব দিয়েছে জানিয়ে সহকারী বাণিজ্য প্রতিনিধি বলেন, "বিষয়টি (যুক্তরাষ্ট্র) সরকারের বিবেচনায় রয়েছে।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্র সরকার বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো চুক্তির (টিফা) একটি খসড়া পাঠিয়েছিলো বাংলাদেশকে। কিন্তু সমালোচনার মুখে বর্তমান সরকার ২০০৯ সালে ওই চুক্তিতে স্বাক্ষরে বিরত থাকে। এরপরই টিইসিএফ গঠনের বিষয়টি আলোচনায় আসে।
বর্তমানে ৫৬টি দেশের সঙ্গে টিফা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান ও শ্রীলংকাও রয়েছে।
যুক্তরাষ্ট্রকে বাংলাদেশি পণ্যের সর্ববৃহৎ রপ্তানিবাজার উল্লেখ করে ডিলানি বলেন, "এর ফলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে জোরদার করেছে বলে আমরা মনে করি।"
বাণিজ্য মন্ত্রীর বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "বাণিজ্য ও বিনিয়োগ ইস্যুতে আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক কীভাবে আরো দৃঢ় করা যায়- তা নিয়ে আমরা আলোচনা করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৯১৮ ঘ.
bdnews24