ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদন্ত কমিটি অনিয়মের জন্য বেশ কয়েকজনকে সরাসরি অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেও এখন পর্যন্ত কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, বাজার নিয়ন্ত্রণ সংস্থা- এসইসি'র নির্বাহী পরিচালক (ওএসডি) আনোয়ারুল কবির ভূঁইয়া ও তার স্ত্রীসহ বেশ কয়েকজন বিনিয়োগকারী 'দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯- এর ১৭ (ই) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করে শেয়ারের দাম বাড়িয়ে মুনাফা করে।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের শেয়ারের সিরিয়াল ট্রেডিং: কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, অনুসন্ধানে দেখা গেছে, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে আবু সাদাত মো. সায়েম এবং আব্দুল মোবিন মোল্লাহ ( প্রথমজনের ভাই) 'সিরিয়াল ট্রেডিং'- এর মাধ্যশে 'ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের (ইএইচএল) শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটিয়ে মুনাফা করেছে। ২৭ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত এই দুজন ৮টি ভিন্ন বিও একাউন্টে প্রতিদিন একাধিক ট্রেডের মাধ্যমে বাজারে এই শেয়ারে সম্পন্ন লেনদেনের প্রায় ২৫ শতাংশ এরাই সম্পন্ন করে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধিতে সহায়তা করেছে।
এ সময়কালে ইএইচএলের শেয়ারের দাম ৭৫০ টাকা থেকে বেড়ে ১৩৪৫ টাকা হয়। এ একাউন্টগুলোর মাধ্যমে ৫ লাখ ৮৬ হাজার ৯২০টি শেয়ার ৪৮ কোটি ১৮ লাখ টাকায় কেনা হয়। আর ২ লাখ ৫৫ হাজার ২৪০টি শেয়ার ২৫ কোটি ৮১ লাখ টাকায় বিক্রি হয়। এতে ১৬ দিনের ব্যবধানে ওই দুজন ৪ কোটি ১৪ লাখ টাকা মুনাফা করেন বলে তদন্ত কমিটি দেখতে পেয়েছে।
নিয়ন্ত্রণকারী ও সংশ্লিস্ট কর্মকর্তাদের দুর্নীতি: আনোয়ারুল কবির ভূঁইয়া তার স্ত্রী রোকসানা আখতারের নামে চারটি বিও একাউন্টের মাধ্যমে বিপুল অঙ্কের শেয়ার লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে তদন্ত কমিটি।
আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, বিএলআই সিকিউরিটিজ লিমিটেড, লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং এনবিএল সিকিউরিটিজ লিমিটেডে এই চারটি একাউন্ট রয়েছে।
এ প্রসঙ্গে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের ১১ এপ্রিল এসইসি'র এক দপ্তরাদেশ অনুযায়ী, 'কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজ বা স্বামী/এস্ত্রী, পিতা-মাতা, ছেলে-মেয়ে ও পোষ্যদের নামে প্রাইমারী বা সেকেন্ডারি মার্কেটে সিকিউরিটিজ লেনদেন করতে কিংবা উক্ত প্রকার লেনদেনে কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারবেন না।'
দপ্তারাদেশটি আনোয়ারুল কবির ভূইয়ার স্বাক্ষরেই ইস্যু করা হয়েছিল। ৭ এপ্রিল কমিটি অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার মাস খানেক আগে এসইসি আনোয়ারুলকে ওএসডি করে।
কমিটি প্রতিবেদন দেওয়ার বেশ কয়েক দিন পার হয়ে গেলেও আনোয়ারুল ও তার স্ত্রীর পাসপোর্ট ও ব্যাংক একাউন্ট জব্দ করা হয়নি। যে চারটি ব্রোকারেজ হাইজে তার স্ত্রীর বিপুল অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে সে সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও'র পাসপোর্টও জব্দ করা হয়নি। এমনকি এ চার প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হয়নি।
মূল্য কারসাজি: সৈয়দ সিরাজুল হক, রাশেদা আকতার মায়া, হাবিবুর রহমান, ইয়াকুব আলী খোন্দকার, সাহারা খোন্দকার এবং আনোয়ার খান নিজেদের মধ্যে 'বাল্ক ট্রানজ্যাকশন'- এর মাধ্যমে অতি সহজে 'আর্টফিসিয়াল একটিভ ট্রেডিং এনভায়রনমেন্ট' সৃস্টি করে বাজারে শেয়ারের দাম বাড়িয়ে দিয়েছে।
অভিনব কায়দায় কারসাজি করে গোলাম মোস্তফা নামের আরেক বিনিয়োগকারী বাজারে শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে সহায়তা করেছে।
কমিটির প্রতিবেতনে বলা হয়েছে, যে কয়জন বিনিয়োগকারী শেয়ারের দাম বাড়াতে কারসাজি করেছে তাদের মধ্যে গোলাম মোস্তফা অন্যতম।
২০০৯ সালের ২৭ ডিসেম্বর 'অলিম্পিক' শেয়ার কেনার জন্য গোলাম মোস্তফা ১৩টি 'বাই অর্ডার' দিয়েছিলেন এবং রহস্যজনকভাবে প্রত্যেকটি 'বাই অর্ডার'ই প্রত্যাহার করে নিয়েছিলেন। তার সেই 'বাই অর্ডার' বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করায় অলিম্পিকের শেয়ারের দাম বেড়েছিলো। ২৭ ডিসেম্বর অলিম্পিকের দাম ১০০ টাকা বেড়ে ১৪৮০ টাকা হয়।
২০১০ সালের ২৬ জানুয়ারি গোলাম মোস্তফা ও তার স্ত্রী নাসিমা আকতার 'ইউনিয়ন ক্যাপিটাল'- এর ৭ লাখ ৫২ হাজার এবং ৮০০০ শেয়ার কেনেন যথাক্রমে পিএফআই সিকিউরিটি এবং উইফ্যাং সিকিউিরিটি লিমিটেডের মাধ্যমে। একইসময়ে মোস্তফা ওই দুটি ব্রোকারেজ হাউজের মাধমে তার অন্য একটি একাউন্টে 'ইউনিয়ন ক্যাপিটাল'- এর ৬ লাখ ১৮ হাজার ৫০০ শেয়ার বিক্রি করেছেন।
একইদিনে মোস্তফা উইফ্যাং সিকিউরিটিজের মাধ্যমে 'নাভানা সিএনজি'র ৩ লাখ ২ হাজার ৭০০টি শেয়ার কেনেন এবং তার স্ত্রীর সাথে যৌথ একাউন্টের নামে পিএফঅঅই সিকিউরিটির মাধ্যমে 'নাভানা সিএনজি'র ৪ লাখ ২ হাজার শেয়ার বিক্রি করেন।
মূল্য কারসাজি করে যারা শেয়ারের দাম বাড়িয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন, তাদের কারো পাসপোর্ট বা ব্যাংক একাউন্ট এখনও জব্দ করা হয়নি। নেওয়া হয়নি কোনো আইনগত ব্যবস্থা।
'দি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯'- এর ১৭ (ই) ধারায় যে সব ব্যক্তি বা বিনিয়োগকারী বরখেলাপ/অমান্য করবে তাদের জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24