ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে বিভিন্ন দুর্ঘটনা এড়াতে আরো সতর্ক থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
শনিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে 'স্পেকট্রাম কারখানায় ভবন ধ্বসে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ' অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
২০০৫ সালে সাভারে স্পেকট্রাম ভবন ধসে ৬৪ জন শ্রমিক নিহত হয়।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তার জন্য বিশ্বের অন্যতম বড় ফ্যাশন গ্র"প ইনডিটেক্স 'স্পেকট্রাম ভলান্টারি রিলিফ ফান্ড' নামে একটি তহবিল গঠন করে। এ ফান্ড থেকে এর আগে ৬৪ পরিবারকে পাঁচ কোটিরও বেশি টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
শনিবার ৬৪ পরিবারকে তহবিলের অবশিষ্ট দুই কোটি ৬৮ লাখ টাকা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৫০ ঘ.
bdnews24