ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী, 'কিছু' বিষয়ে আরো তদন্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার অর্থমন্ত্রণালয়ে এক প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদনে কিছু বিষয়ে পুনঃতদন্তের সুপারিশ এসেছে। এসব ক্ষেত্রে 'ক্রিমিনাল অফেন্স' রয়েছে কি না তা দেখার জন্য আরো তদন্ত করা হবে।
পুঁজিবাজার তদন্ত নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ অর্থমন্ত্রী ও গভর্নরের অপসারণ দাবি করেন। প্রতিবেদনটি প্রত্যাখ্যান করলেও এর সূত্র ধরে বাজারে অস্থিরতার পেছনে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ব্যর্থতার অভিযোগ প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী বলেন, পদত্যাগের প্রশ্নই আসে না।
"বিএনপি তো আগে থেকেই পুরো সরকারের পদত্যাগ চেয়ে আসছে। তারা তো মধ্যবর্তী নির্বাচনও দাবি করছে। দেশের অর্থনীতি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। কাজেই আমার পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।"
পুঁজিবাজারে অস্থিরতার কারণ খুঁজে বের করতে সরকার গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন দেয়। সরকার এটি প্রকাশ না করলেও তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমার কাছ থেকে এটা বাইরে যায়নি।"
প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করে মন্ত্রী বলেন, "আগামী সপ্তাহেও হয়তো হবে না।"
এর আগে গত ১০ এপ্রিল মুহিত সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় অহেতুক কারো চরিত্র হননের দায়িত্ব নিতে চায় না। 'প্রয়োজনে' আংশিক সম্পাদনা করে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে।
তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে কী না জানতে চাইলে বুধবার তিনি বলেন, "সুপারিশের মধ্যে রয়েছে এমন বেশ কয়েকটি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। যেমন প্রাইভেট প্লেসমেন্ট বন্ধ। তারা বুক বিল্ডিং পদ্ধতির সংস্কার করতে বলেছে। আমরাও আগে থেকেই এটা উপলব্ধি করেছি।"
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হবে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "এখন এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। সময় হলে বলা যাবে।"
গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিটির প্রধান ইব্রাহিম খালেদ তাদের সুপারিশ প্রসঙ্গে বলেন, "এসইসির পেশাগত দক্ষতা কাজ করেনি। কাজ করলে এ দুর্ঘটনা ঘটতো না। এসইসি দায়িত্ব পালন করতে পারেনি বলেই আমাদের মনে হয়েছে। তাদের পুনর্গঠন করতে হবে।"
বুধবার মন্ত্রণালয়ের বাজেট আলোচনা প্রসঙ্গে মুহিত বলেন, "আগামী বাজেটে ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব বাড়ানো হবে। কারণ ভূমি রেকর্ড নিয়ে মারামারি, মামলা-মোকাদ্দমা বেশি হয়ে থাকে। এছাড়া আমাদের ভূমি ব্যবহার পরিকল্পনাও অপরিহার্য হয়ে পড়েছে।"
আগামী বাজেটে কিছু মন্ত্রণালয়ের জন্য পরীক্ষামূলকভাবে 'পারফরম্যান্স বাজেটিং' চালু করা হবে জানিয়ে তিনি বলেন, "কাজ কতোটা হয়েছে এবং কতোটা করতে হবে- এ পরিকল্পনা থাকতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২১৪৮ ঘ.
bdnews24