ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরিচালক আ হ ম মোস্তাফা কামাল পুঁজিবাজারে অস্থিরতার সঙ্গে তাকে জড়িয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে নাকচ করে দিয়েছেন।
পুঁজিবাজার কেলেঙ্কারি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে তার নাম রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।
তদন্ত কমিটির ওই প্রতিবেদনের সারসংক্ষেপ অবহিত করা হলে সিএমসি কামাল টেক্সটাইল মিলসের পরিচালক মোস্তাফা কামাল রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি তাকে মোটেও অভিযুক্ত করেনি।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের প্রথম প্রান্তিকে সিএমসি কামালের শেয়ার প্রতি আয় ছিল ঋণাত্মক ২ দশমিক ৬১ টাকা এবং লোকসানের পরিমাণ ছিল ৪০ লাখ টাকা। কিন্তু এই শেয়ারের অভিহিত মূল্য এক লাফে ১৬ গুণ বেড়ে ১৬০০ টাকায় দাঁড়ায়।
এ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পেছানে ৯টি কারণ চিহ্নত করেছে তদন্ত কমিটি।
কামাল অবশ্য দাবি করেছেন, তার বিরুদ্ধে অবৈধ বা অনৈতিক কোনো কাজের অভিযোগ তদন্ত কমিটি তেলেনি।
প্রতিবেদনে বলা হয়, সিএমসি কামাল টেক্সটাইল মিলস ২০০৯ সালে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানিটি ২০১০ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কর প্রদানের পর ৭০ লাখ টাকা মুনাফা ঘোষণা করে।
গত বছরের জুলাইয়ে এর শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করা হয়। লভ্যাংশ ঘোষণার কারণে ওই বছরের অগাস্টে সিএমসি কামালকে 'জেড' ক্যাটাগরি থেকে 'এ' ক্যাটাগরিতে উন্নীত করা হয়।
গত বছরের সেপ্টেম্বরে এই কোম্পানি ২:১ অনুপাতে রাইট শেয়ার ঘোষণা করে, যেখানে প্রতি শেয়ারের মূল্য ১৭ দশমিক ৫ টাকা দেখানো হয়। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়।
প্রতিষ্ঠানটি তাদের জমির মূল্য এক কোটি ৫৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩৩ কোটি টাকা নির্ধারণ করে। আর ভবনের মূল্য ৬ কোটি ১৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা নির্ধারণ করে।
মোস্তফা কামাল এ বিষয়ে বলেন, ১৯৯০ সালে সাভারে এই ২০ বিঘা জমি কেনা হয়। বর্তমানে এর মূল্য ৬০ কোটি টাকা।
ভবনের মূল্য সম্পর্কে তিনি বলেন, কংক্রিটের এই ভবনের আয়তন এক লাখ ১০ হাজার বর্গফুট। এর যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা ঠিকই আছে।
শেয়ার বিক্রি প্রসঙ্গে সিএমসি কামাল টেক্সটাইল মিলসের পরিচালক বলেন, তিনি, তার পরিবার ও বন্ধুদের কাছে এখনো ৭ লাখ প্রাথমিক শেয়ার রয়েছে। তারা শুধু বোনাস শেয়ারগুলো বিক্রি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/০২৩৮ ঘ.
bdnews24