ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার সময় সবচেয়ে বেশি শেয়ারের বিক্রেতা ৫০ প্রতিষ্ঠানকে (ব্রোকারেজ হাউজ) চিহ্নিত করেছে অনিয়ম তদন্তে গঠিত কমিটি। তালিকা অনুযায়ী ওই সময়ে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে আইসিবি।
২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে অমনিবাস ও ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে এসব শেয়ার বিক্রি হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সার্ভেইল্যান্স সফটওয়্যারের মাধ্যমে এ বিষয়টি জানতে পেরেছে তদন্ত কমিটি।
কমিটির প্রতিবেদনে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিংয়ের একটি অমনিবাস অ্যাকাউন্টে সবচেয়ে বেশি লেনদেনের তথ্য উল্লেখ করেছে তদন্ত কমিটি। এই অ্যাকাউন্টে ওই সময়ে ৯৪৩ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৯৭৮ টাকা ৫০ পয়সার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে- ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। এ ব্রোকারেজ হাউজে ব্র্যাক ব্যাংক লিমিটেড ৬৮০ কোটি ৯ লাখ ৫৬ হাজার ৭৭৩ টাকার শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানেও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের দুটি অমনিবাস অ্যাকাউন্টের নাম এসেছে। পঞ্চম স্থানেও রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
শীর্ষ ৫০-এর তালিকায় তিনজন ব্যক্তিরও নাম এসেছে। এর মধ্যে মোহাম্মদ হেলাল মিয়া নামের একজন হযরত আমানত শাহ সিকিউরিটিজের মাধ্যমে ১৮০ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৬২১ কোটি টাকার লেনদেন করেছেন।
অন্য দুজনের মধ্যে তাসমিয়া আমবেরিন লংকা বাংলা সিকিউরিটিজে ১৬৮ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার টাকা এবং আফরোজা শারমিন মাল্টি সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লিমিটেডে লেনদেন করেছেন ১৬৭ কোটি ৯৯ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর লিমিটেড/এআরএইচ/পিডি/জেকে/০৩১৬ ঘ.
bdnews24