২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার-তদন্তনাম প্রকাশের দাবি দুই শরিক দলের

পুঁজিবাজারে অস্থিরতায় জড়িতদের নাম প্রকাশের দাবি তুলেছে ক্ষমতাসীন মহাজোটের প্রধান দুই শরিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতায় জড়িতদের নাম প্রকাশের দাবি তুলেছে ক্ষমতাসীন মহাজোটের প্রধান দুই শরিক দল। শরিক জাতীয় পার্টি ও ১৪ দলের শীর্ষনেতারা মনে করছেন, নাম প্রকাশ করা না হলে সরকার ক্ষতিগ্রস্ত হবে এবং মনে হবে সরকার কাউকে কাউকে আড়াল করতে চাইছে। পুুঁজিবাজারে অস্থিরতায় জড়িতদের নাম প্রকাশ করবেন না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি 'হতবাক' বলে শনিবার জানান জাতীয় পার্টির প্রধান এইচএম এরশাদ। একইদিন শরিক ১৪ দলের অন্যতম নেতা ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও জড়িতদের নাম প্রকাশের দাবি জানান। গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করে সরকার। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে চেয়ারম্যান করে ২৫ জানুয়ারি চার সদস্যের কমিটি করা হয়। কমিটিকে সময় দেওয়া হয় দুই মাস। বৃহস্পতিবার অর্থমন্ত্রী মুহিতকে তদন্ত প্রতিবেদন দেয় কমিটি। সেদিন অর্থমন্ত্রী মুহিত জানান, পুুঁজিবাজারের অস্থিরতার পেছনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। তবে এসব নাম এই মুহূর্তে প্রকাশ করা হবে না। এরশাদ শনিবার বলেন, অর্থমন্ত্রীর এই বক্তব্যে আমি হতবাক হয়েছি। "যারা জনগণের অর্থ লুট করেছেন, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থেকে লাখো লাখো ক্ষুুদ্র বিনিয়োগকারীর সর্বনাশ করে পথের ভিক্ষুকে পরিণত করেছেন কেন সরকারিভাবে তাদের নাম প্রকাশ করা হবে না তা আমার কাছে বোধগম্য নয়।" নাম প্রকাশ না করা প্রসঙ্গে অর্থমন্ত্রী সেদিন বলেন, স্বল্প সময়ে তদন্ত করতে গিয়ে কমিটি এসব ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে এই মুহূর্তে নাম প্রকাশ না করে তাদের বিষয়ে আরো তদন্তের সুপারিশ করেছে কমিটি। এরশাদের বক্তব্য জানানো হয় জাতীয় পার্টির প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে। ওয়াকার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়ে বলেন, এর অন্যথা হলে ধরে নিতে হবে সরকার কাউকে কাউকে এ থেকে আড়াল করতে চাইছে। তিনি জড়িত 'প্রভাবশালীদের' বিচারের আওতায় আনার দাবিও জানান। চট্টগ্রামে একটি কমিউিনিটি সেন্টারে ওর্য়াকার্স পার্টির চট্টগ্রাম জেলা সাংগঠনিক সম্মেলনে এ কথা বলেন মেনন। এরশাদও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 'শেয়ার কেলেঙ্কারিতে' জড়িতদের আইনের আওতায় এনে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। তিনি বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িত কোনো প্রভাবশালীকে ছাড় দিলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমসি/পিডি/২০৩৫ ঘ.