চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন বন্ধ থাকার পর কর্ণফুলীর ১৬টি ঘাটের ১৩টিতে অপেক্ষমান লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে।
শুক্রবার সকাল ন'টা থেকে ঘাট শ্রমিকরা লাইটারেজ থেকে পণ্য খালাস শুরু করে বলে জানান ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালক কমডোর নিজাম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাট শ্রমিক, ট্রাক মালিক সমিতি এবং ঘাট কণ্ট্রাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মধ্যে বৈঠকের পর শ্রমিকরা কাজ করার সিদ্ধান্ত নেয়।
সকাল ন'টা থেকে ১৩টি ঘাটে শ্রমিকরা কাজ শুরু করে বলে তিনি জানান।
বাকি তিনটি ঘাটে পর্যায়ক্রমে কাজ শুরু হতে পারে জানিয়ে কমডোর নিজাম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৩০টি লাইটারেজ জাহাজ খাদ্যশস্য খালাসের অপেক্ষায় ১৬টি ঘাট ও কর্ণফুলী নদীতে অপেক্ষা করছে।
বখশিস বাড়ানোর দাবিতে ঘাট শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়।
বৃহস্পতিবার রাতে ঘাট শ্রমিক, মাঝিরঘাট ও আন্তঃজেলা ট্রাক মালিক সমিতি এবং ঘাট কণ্ট্রাক্টর অ্যাসোসিয়েশন নেতাদের মধ্যে বৈঠক হয়।
এতে বখশিস নিয়ে শ্রমিকদের সঙ্গে যে সমস্যার সৃষ্টি হয় সেব্যাপারে ট্রাক মালিক ও ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেন বলে জানান ঘাট শ্রমিকদের উপদেষ্টা মাহবুহুল হক চৌধুরী এটলি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুঃখ প্রকাশ করায় শ্রমিকরা সকাল থেকে পণ্য খালাসের কাজ শুরু করেছে।
এর আগে তিনদিন খালাসের কাজ বন্ধ থাকায় দেড়শ'র মতো লাইটারেজ জাহাজ পণ্য নিয়ে কর্ণফুলী নদীতে ভাসতে থাকে।
একই কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্যশস্য নিয়ে অপেক্ষায় থাকা মাদার ভ্যাসেলের সংখ্যাও বেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৫৫ ঘ.
bdnews24