২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমাণ পেলে ক্ষমতাধরদেরও রেহাই নেই: মুহিত

পুঁজিবাজারের অস্থিরতার পেছনে কয়েকজন ব্যক্তির নাম তদন্তে এলেও তা এখনি প্রকাশ না করে অর্থমন্ত্রী বলেছেন, দোষ প্রমাণ হলে ক্ষমতাধরদেরও রেহাই মিলবে না। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অস্থিরতার পেছনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, এসব নাম এই মুহূর্তে প্রকাশ করা হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সোয়া ৬টার পর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন শুরু হয়। মন্ত্রী জানান, স্বল্প সময়ে তদন্ত করতে গিয়ে কমিটি এসব ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে এই মুহূর্তে নাম প্রকাশ না করে তাদের বিষয়ে আরো তদন্তের সুপারিশ করেছে কমিটি। মুহিত বলেন, "রিপোর্টটি আমি এখনো পুরোপুরি দেখতে পারিনি। পুরোটা দেখতে ১০-১৫ দিন সময় লাগবে। যেসব ব্যক্তির নাম এসেছে, তারা সত্যিই অস্থিরতার জন্য দায়ী হয়ে থাকলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" এ সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন- যাদের নাম এসেছে তারা কি খুবই ক্ষমতাধর? নাম প্রকাশ করলে সমস্যা হবে? জবাবে অর্থমন্ত্রী বলেন, "পুঁজিবাজারে অস্থিরতার জন্য কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকলে তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, শাস্তি পেতেই হবে।" তদন্ত কমিটির পরামর্শ অনুযায়ী পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসিকে) আরো শক্তিশালী ও গতিশীল করা হবে বলে জানান মুহিত। তিনি বলেন, "এসইসিকে পুনর্গঠন ও দক্ষ লোকবল বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। আমরা ইতোমধ্যে ৪৯টি পদ সৃষ্টি করেছি। কিন্তু সে সব পদে এখনো লোক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। বাজার তদারকির জন্য তদন্ত কমিটি একটি সেল গঠনের সুপারিশও করেছে বলে জানান মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, কমিটি বুক বিল্ডিং পদ্ধতি নিয়েও কিছু সুপারিশ করেছে। এ পদ্ধতি ভালো, তবে এত দিন সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। "এ পদ্ধতিতে শেয়ারের বাজার মূল্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন পিই রেশিও এবং মোট সম্পদ মূল্যের (এনএভি) ওপর গুরুত্ব দেওয়া হবে," বলেন তিনি। মুহিত বলেন, "কমিটি ডাইরেক্ট লিস্টিং বন্ধ করার সুপারিশ করেছে। তবে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ পদ্ধতি থাকতে পারে।" মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস অ্যাকাউন্টের (একটি কেন্দ্রীয় অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো অ্যাকাউন্ট) ক্ষেত্রেও সুপারিশ করেছে কমিটি। অর্থমন্ত্রী বলেন, "কমিটি বলেছে, এ ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে চিন্তা করেন, এটা থাকতে পারে কি না।" শেয়ারের অভিহিত মূল্য ও মার্কেট লট পরিবর্তন এখন বন্ধ থাকলেও তা পর্যায়ক্রমে করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "এবারের ঘটনা '৯৬ সালের সঙ্গে তুলনা করলে হবে না। তখন সাক্ষীর অভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। এবার সব তথ্য প্রমাণ সিডিবিএলে (শেয়ার লেনদেনের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার) আছে।" সকালে হেয়ার রোডে অর্থমন্ত্রীর বাড়িতে গিয়ে প্রতিবেদনটি জমা দেন তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ। প্রতিবেদনে কী রয়েছে- জানতে চাইলে ইব্রাহিম তখন বলেন, বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির অদক্ষতার বিষয়টি তুলে ধরে প্রতিষ্ঠানটির সংস্কারের সুপারিশ করেছে কমিটি। তবে বাজারে কারসাজির পেছনে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। তদন্তে বাজার থেকে অর্থ পাচারের বিষয়টি পাওয়া গেছে জানিয়ে কমিটির প্রধান বলেন, "তবে তা কোনোভাবেই বিএনপির দাবি করা ৮৪ হাজার কোটি টাকা নয়। এর পরিমাণ হতে পারে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা।" গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ইব্রাহিমকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হচ্ছে, পুঁজিবাজারে অস্থিরতার জন্য ৩০০ ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম বলেন, "ব্যক্তি নিয়ে আমাদের কোনো হেডেক (মাথাব্যথা) নেই। মার্কেট যেন ভালো হয়, সে সুপারিশ আমরা করেছি।" গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদ্যদের সময় দেওয়া হয় দুই মাস। ২৫ জানুয়ারি চার সদস্যের কমিটির প্রধান হিসেবে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর পরদিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির অন্য দুই সদস্যের নাম ঘোষণা করে। এরা হলেন- বিআইবিএম'র মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবি'র সাবেক সভাপতি মো. আব্দুল বারী। পরে ব্যারিস্টার নিহাত কবিরকেও কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/জেকে/এমআই/২০৫০ ঘ.