২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুটি জাহাজ হস্তান্তর করছে ওয়েস্টার্ন মেরিন

বাংলাদেশে তৈরি সমুদ্রগামী আরো দুটি আইসক্লাস জাহাজ বৃহস্পতিবার জার্মান প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে তৈরি সমুদ্রগামী আরো দুটি আইসক্লাস জাহাজ বৃহস্পতিবার জার্মান প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। দেশীয় প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ দুটি নির্মাণ করেছে। বৃহস্পতিবার সকালে নগরীর ড্রাইডক থেকে 'ইএমএস লেক' ও 'ইএমএস ডলার্ট' নামের জাহাজ দুটি মালিক প্রতিষ্ঠান জার্মানির গ্রোনা শিপিং এর প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। সাগরে বরফ কেটে চলতে সক্ষম এ জাহাজ দুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬০ কোটি টাকা। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন এ সব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। মালিক পক্ষের উপস্থিতিতে বঙ্গোপসাগরে ১৫ দিন 'সী ট্রায়াল'ও হয়েছে। গত বছরের ২৬ নভেম্বর একই প্রতিষ্ঠানের বানানো দুটি জাহাজ গ্রোনা শিপিং এর কাছে হস্তান্তর করা হয়। একটি চুক্তির আওতায় গ্রোনা শিপিং এর জন্য মোট ১২টি জাহাজ প্রস্তুত করছে ওয়েস্টার্ন মেরিন। প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতা ক্রমেই বাড়ছে দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, "প্রথম দুটি জাহাজ প্রস্তুতিতে ৩৯ জন বিদেশি বিশেষজ্ঞ কাজ করেছিলেন। এবার কাজ করেছেন মাত্র ১৫ জন।" এ বছরে আরো চারটিসহ মোট ছয়টি জাহাজ হস্তান্তর সম্ভব হবে বলে জানান তিনি। গ্রোনা শিপিং এর সঙ্গে চুক্তি অনুসারে ১২টি জাহাজ নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন। এতে ব্যয় হচ্ছে মোট ৯৬০ কোটি টাকা। জাহাজ নির্মাণ শিল্পের সমস্যা তুলে ধরে সাখাওয়াত বলেন, ব্যাংক সুদের হার উচ্চ। পাশাপাশি বর্তমানে তারল্য সঙ্কটের কারণে ব্যাংক ঋণ প্রাপ্তিতেও সমস্যা হচ্ছে। এ কারণে বাংলাদেশে তৈরি জাহাজের মান ভালো হলেও ভারত, ভিয়েতনাম ও চীনের সাথে প্রতিযোগিতায় 'মার খাচ্ছেন' বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন মেরিনের পরিচালক (প্রকিউরমেন্ট) মো. আরিফুজ্জামান, পরিচালক (টেকনিক্যাল) মো. আবদুল মবিন ও ইস্ট উইন্ড (জামর্নি) প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি ম্যাক্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/এমআই/১৯১৭ ঘ.