ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড গঠনের আবেদন অনুমোদনের জন্যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা পড়েছে।
মঙ্গলবার এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সঙ্গে দেখা করে ফান্ড অনুমোদনের আবেদনপত্র জমা দেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়েকুজ্জামান বলেন, "এ ফান্ড গঠনের জন্য আইসিবি ও সহ-উদ্যোক্তাদের অনুমোদন পাওয়া গেছে। এটি অনুমোদনের জন্য মঙ্গলবার এসইসিতে জমা দেওয়া হয়েছে।"
পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রেক্ষাপটে বাজারের স্থিতিশীলতা বাড়াতে বাংলাদেশ ফান্ড নামের পাঁচ হাজার কোটি টাকার এই 'ওপেন এন্ডেড মিউচ্যুয়াল ফান্ড' গঠনের সিদ্ধান্ত নেয় আইসিবি।
ফায়েকুজ্জামান জানান, ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। মার্কেট লট হবে ১০০০ ইউনিটের। এই ফান্ডের ৫০ শতাংশ পুঁজিবাজারে, বাকি অর্ধেক মুদ্রাবাজারে বিনিয়োগ করা হবে। তবে পরিস্থিতির বিবেচনায় এই হার কম বেশি হতে পারে।
মূল 'স্পন্সর' হিসেবে আইসিবি প্রাথমিকভাবে এই ফান্ডে ৫০০ কোটি টাকার যোগান দেবে। এ ছাড়া সহ উদ্যোক্তা হিসাবে সোনালী ব্যাংক ২০০ কোটি , জনতা ব্যাংক ২০০ কোটি, রূপালী ব্যাংক ১০০ কোটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১০০ কোটি, সাধারণ বীমা কর্পোরেশন ১০০ কোটি, অগ্রণী ব্যাংক ও জীবনবীমা কর্পোরেশন মিলে ৩০০ কোটি টাকার তহবিল যোগাবে।
বাকি অর্থ পরবর্তীতে সংগ্রহ করা হবে।
অগ্রণী ব্যাংক ও জীবন বীমা কর্পোরেশন ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নিজেদের বোর্ড সভায় এ ফান্ডের অনুমোদন দিয়েছে। বাকি দুটি প্রতিষ্ঠানও মৌখিকভাবে তাদের সম্মতির কথা জানিয়েছে।
এছাড়া বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোক্তা ও প্রবাসীদের এই ফান্ডে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
আইসিবি গত ৬ মার্চ বাংলাদেশ ফান্ড গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ৯ মার্চ আইসিবি পর্ষদের সভায় এটি অনুমোদিত হয়। এরপর সহ-উদ্যোক্তাদের কাছে চিঠি পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২০৪১ ঘ.
bdnews24