ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরববিশ্বে অস্থিরতার মধ্যেও সরকার গত আট মাসে ১৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "আমরা (এই সময়ে) লক্ষ্যমাত্রার বেশি রপ্তানি করেছি।"
কারখানা মালিকদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, "শ্রমিকদের ন্যায্য মুজুরি দিন। তাহলে কাজের মান ভালো হবে। প্রতিষ্ঠানও লাভবান হবে।"
বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ছয় দিনব্যাপী 'ব্র্যান্ড ফার্নিচার ফেয়ার-২০১১' শীর্ষক এ মেলায় মোট ১০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কে এম আকতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি জসীম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান জালাল আহমেদ ও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসআই/এমইউএস/জেকে/১৭২৯ ঘ.
bdnews24