২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সশিপমেন্ট সীমান্ত পেরিয়ে প্রথম চালান ত্রিপুরায়

বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের আওতায় ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের মালামালের প্রথম চালানটি সীমান্ত অতিক্রম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত ট্রান্সশিপমেন্টের আওতায় ত্রিপুরায় 'পালটানা বিদ্যুৎ কেন্দ্র' নির্মাণের মালামালের প্রথম চালানটি সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা পৌঁছেছে। পণ্য পরিবহনকারী ওভার ডাইমেনশনাল কার্গো বা ওডিসিগুলো মঙ্গলবার দুপুরে সীমান্তে পৌঁছে বলে গাল্ফ ওরিয়েন্টের ব্যবস্থাপক শেখ মাহফুজ হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যন্ত্রপাতির ৯৬টি চালান পরিবহনের দায়িত্বে রয়েছে। মাহফুজ বলেন, "কাস্টমস এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষের পর আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে চালানটি সীমান্ত অতিক্রম করে।" এদিকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ত্রিপুর প্রতিনিধি জানিয়েছেন, সীমান্ত অতিক্রমের সময় স্বল্পগতির এসব মালবাহী কার্গো দেখতে শতশত মানুষ ভিড় জমায়। রাষ্ট্রায়ত্ত্ব ওএসজিসি দক্ষিণ ত্রিপুরায় প্রস্তাবিত ৭২৬ মেগাওয়াট উৎপাদনক্ষম গ্যাস ভিত্তিক পালটানা বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। হায়দরাবাদ থেকে কলকতা হয়ে নদী পথে এসব মালামাল আশুগঞ্জ বন্দরে আনা হয়। সেখানে থেকে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় পৌঁছে এসব মালামাল। ত্রিপুরা অংশে মালামাল পরিবহনের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এবিসি'র কর্মকর্তা প্রদীপ পান্ডে বলেন, "এ ধরনের সহযোগিতার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ।" পরিবহনের সময় কোনো মালামাল নষ্ট হয়নি জানিয়ে তিনি আরো বলেন, "চারটি কার্গোতে করে প্রথম চালানটি ত্রিপুরা পৌঁছতে কোনো সমস্যাই হয়নি। মালামালেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।" ২০০৫ সালের ২৯ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী মনমহন সিং এই বিদ্যুৎ কেন্দ্রটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে সাড়ে চার হাজার কোটি রুপি। তবে নির্মাণের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা ছিলো প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিবহন। এর আগে সোমবার মধ্যরাতে আশুগঞ্জ থেকে আখাউড়া সীমান্তের উদ্দেশে রওনা হয় চারটি ওডিসি। তবে কুরুলিয়া খালের পানি কমে গিয়ে পন্টুন সংযোগ সড়কের চেয়ে নিচে নেমে গেলে কার্গো চারটি ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী সেতুর কাছে আটকে যায়। গাল্ফের ব্যবস্থাপক জানান, পরের চারটি চালান বৃহস্পতিবার রাত ১২টার দিকে আশুগঞ্জ থেকে পাঠানো হবে। ট্রান্সশিপমেন্ট চুক্তি অনুযায়ী, কার্গোগুলো বাংলাদেশ থেকে ভারতে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল করতে পারবে। ১৯৭২ সালের ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডাব্লিউটিটি) চুক্তি অনুযায়ী গত বছর আশুগঞ্জ বন্দরকে 'পোর্ট অব কল' ঘোষণার পর ভারত প্রথমবারের মতো এ সুবিধা পাচ্ছে। ট্রন্সশিপমেন্ট বলতে নৌ ও সড়ক পথে আন্তঃসীমান্ত পণ্য পরিবহন প্রক্রিয়াকে বোঝায়। ত্রিপুরায় পালটানা বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি পরিবহনের জন্য সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে গাল্ফ ওরিয়েন্ট এরইমধ্যে ছয়টি বিকল্প রাস্তা, তিনটি বিশ্রাম কেন্দ্র এবং ১৫ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রশাসন এবং কাস্টমস এই কার্যক্রমের আভ্যন্তরীন সবকিছু পর্যবেক্ষণ করছে। ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের ওপর দিয়ে এসব যন্ত্রপাতি স্থানান্তরের বিষয়ে সমঝোতা হয়। এ লক্ষ্যে গত বছর মে মাসে আইডব্লিউটিটি সংশোধন করে আশুগঞ্জ নৌবন্দরকে দ্বিতীয় ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ও পঞ্চম পোর্ট অব কল ঘোষণা করা হয়। গত নভেম্বরে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৫ সালের অক্টোবরে ৪৫০০ কোটি রুপির পালটানা বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু রেলপথে ভারতের পশ্চিমাঞ্চল থেকে থেকে ত্রিপুরার পার্বত্য এলাকায় প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব না হওয়ায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এলএন/এমআই/এএল/পিডি/১৯২৭ ঘ.