ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে চাঙাভাবের মধ্য দিয়ে শুরু হলেও দরপতনের মধ্য দিয়েই দিনের লেনদেন শেষ হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার প্রথম এক ঘণ্টার লেনদেনে সাধারণ সূচক বেড়েছিলো ১৩৪ পয়েন্ট, কিন্তু দিন শেষে সূচক আগের দিনের চেয়ে কমেছে ২১ পয়েন্ট। অর্থাৎ প্রথম এক ঘণ্টার পর সূচক ১৫৫ পয়েন্ট কমেছে।
দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬২২১ দশমিক ৬৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ৩৫ শতাংশ কম।
মোট ৯৪৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৬টির। ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
কয়েকদিনের দরপতনের পর সোমবার দরের ঊর্ধ্বগতিতেই ঢাকার পুঁজিবাজারে লেনদেন শেষ হয়। মঙ্গলবার এসে আগের চিত্রই দেখা গেলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24