২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পরিকল্পনা

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফরুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

শেখ শাহরিয়ার জামান ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফরুক খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটোলে ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুকের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে বৃহস্পতিবার আলোচনা হয়েছে। সব পক্ষের জন্যই লাভজনক একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে।" ফারুক খান বলেন, "আমি তাকে বলেছি, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাওয়া উচিত।" যুক্তরাষ্ট্রের বাজারে ৪০০ কোটি ডলারের পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ৫০ কোটি ডলার শুল্ক দিতে হয় উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, এ শুল্ক প্রত্যাহার হওয়া উচিত। যুক্তরাষ্ট্র সরকার ২০১০ সালে 'ট্রেড অ্যান্ড ইকোনোমিক কোঅপারেশন ফোরাম' নামের এ চুক্তি করার প্রস্তাব দেয়। তখন থেকে এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের মধ্যে এ চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব হবে বলে আশা করেছে সরকার। "আমরা ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করছি", বলেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্র ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) নামে আরেকটি চুক্তির প্রস্তাব দেয় বাংলাদেশকে। কিন্তু ওই চুক্তি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় বাংলাদেশ সরকার আর এগোয়নি। ২০০৯ সালের অক্টোবরে ঢাকায় টিফা চুক্তি নিয়ে দু'পক্ষের মধ্যে সর্বশেষ আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে. ডেলানির নেতৃত্বে মার্কিন কর্মকর্তারা সেই আলোচনায় অংশ নেন। ওই বৈঠকের পর ফারুক খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য টিফা চুক্তি নিয়ে আরো পর্যালোচনা করা দরকার। রাজার সঙ্গে বৈঠক শুক্রবার সন্ধ্যায় ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুকের সঙ্গে এক বৈঠকে অংশ নেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। তাদের এ বৈঠকে ভুটান থেকে বিদ্যুৎ আমদানিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয় বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, "১৮টি ভুটানি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ায় রাজা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।" "বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসজে/এএইচ/জেকে/২৩৫০ ঘ.