ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোল্ট্রি শিল্পের স্থায়ী ভিত গড়তে দেশি জাত উন্নয়নে বিজ্ঞানী ও উৎপাদকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শুক্রবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী ও সেমিনার-২০১১'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, "সব জাতের মুরগিই নির্দিষ্ট তাপমাত্রায় বেড়ে উঠে, বেঁচে থাকে। আমাদের পরিবেশে আমাদের উপযোগী করে এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে দেশি জাতের উন্নয়ন করতে হবে। এজন্য বিজ্ঞানী ও উৎপাদকদের এগিয়ে আসতে হবে।"
বিদেশি জাতের মুরগিকে নির্দিষ্ট তাপমাত্রা দিতে হয় উল্লেখ করে তিনি বলেন, "দেশে ঘাটতির কারণে অনেক সময় খামারিদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হয় না। অথচ এটা খুবই গুরুত্বপূর্ন।"
১৯৯০ সালে থেকে ২০০৫ সাল পর্যন্ত এ শিল্প ভালোভাবেই এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "বিকাশমান এ খাতটিকে এরপর কয়েকটি ধাক্কা সামলাতে হয়। এ সময় কোন কোন খামারে একটি মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হলে এক কিলোমিটার এলাকার সব মুরগি কেন মেরে ফেলা হয়েছে সে বিষয়টি আজো আমার কাছে প্রশ্ন হয়ে রয়েছে।"
তিনি বলেন, "এটি পোল্ট্রি শিল্পের স্বার্থে নাকি কাউকে খুশি করতে করা হয়েছে সে বিষয়টি ভেবে দেখার সময় এসেছে। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিলো সবাইকে চাকরি দেওয়া। সবাইকেতো আর সরকারি চাকরি দেওয়া সম্ভব হবে না। তবে কর্মসংস্থান করা যেতে পারে। এক্ষেত্রে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।"
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "সারা বিশ্বে খাদ্য শষ্যের দাম হু হু করে বাড়ছে। এর অন্যতম কারণ খাদ্য শষ্য দিয়ে জৈব জ্বালানি তৈরি।"
এটাকে অনৈতিক আখ্যা দিয়ে এ থেকে সরে আসার জন্য তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
খাদ্য শষ্যের দাম বৃদ্ধির ফলে মুরগির খাবারের দামও বাড়ছে বলে জানান খাদ্যমন্ত্রী।
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "খাদ্যের দাম বৃদ্ধি ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে অনেক খামারি সর্বশান্ত হয়ে গেছেন। সরকার এ সমস্যার সমাধানে কাজ করছে।"
ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক এম এ সালেক উদ্বোধনী বক্তব্যে ২০২৫ সাল পর্যন্ত এ খাতকে কর রেয়াত সুবিধা দেওয়ার দাবি জানান।
অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ড. বব পিম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল কুমার দত্ত, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী।
আগামী ২৭ মার্চ মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/১৩৩০ ঘ.
bdnews24