ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন মার্চের মধ্যেই দেওয়ার 'চেষ্টা' করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ।
গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অস্থিরতার পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। সে সময় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছিলো।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে কি না- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় কমিটির প্রধান ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের কাছে।
জবাবে তিনি বলেন, "আমাদেরকে মার্চ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা চেষ্টা করছি ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে।"
"তবে দু'একদিন এদিক-ওদিক হতে পারে", যোগ করেন তিনি।
এর আগে গত ২২ ফেব্র"য়ারি একই প্রশ্নের জবাবে ইব্রাহিম খালেদ বলেছিলেন, দুই মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। প্রকাশ না প্রকাশের এখতিয়ার মন্ত্রীর।
চার সদস্যের কমিটির অপর তিন সদস্য হলেন- বিআইবিএম'র মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, আইসিএবি'র সাবেক সভাপতি মো. আব্দুল বারী ও ব্যারিস্টার নিহাত কবির।
বাজার অস্থিতিশীল করার পেছনে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ ও তালিকাভুক্ত কোনো কোম্পানির হাত ছিলো কি না- তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এ কমিটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/২০৩১ ঘ.
bdnews24