ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম কমতে শুরু করেছে দাবি করে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বোরো ধান ওঠার আগেই চালের দাম আরো কমবে। তবে আতপ চালের দাম কমেছে।
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এখনো দামটা বেশি। প্রতি কেজি ৩০ টাকার নিচে নেমে আসবে।"
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাবে মঙ্গলবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ৩৫ থেকে ৩৭ টাকা। এক সপ্তাহে আগে মূল্য ছিল ৩৪ থেকে ৩৬ টাকা। বাৎসরিক মূল্য বৃদ্ধির হার ৩৫ দশমিক ৮৫ শতাংশ।
ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় না হলে দেশে কোনো খাদ্য সংকট হবে না জানিয়ে রাজ্জাক বলেন, "সরকারের কাছে ৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। আরো দুই লাখ মেট্রিক টন খাদ্য চট্রগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায়।"
ওএসএম কার্যক্রমে চাল ও ট্রাকের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।
এবার কৃষকের কাছ থেকে গম কেনা হবে না জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "প্রতি বছর আমরা কৃষকের কাছ থেকে ৫০ থেকে এক লাখ মেট্রিক টন গম কিনি। কারণ, গতবছর কৃষকের কাছ থেকে প্রতি কেজি গম কিনেছিলাম ১৯ টাকা ৫০ পয়সা দরে। কিন্তু এবার কৃষকের উৎপাদন খরচ পড়েছে ১৯ টাকা ৩৩ পয়সা। বাজারে এখন প্রতিকেজি গম বিক্রি হচ্ছে ২৫/২৬ টাকায়।
এছাড়া আমাদের যথেষ্ট গম মজুদ আছে এবং ইউক্রেনের কাছ থেকে আমাদের গম কেনার চুক্তি হয়েছে।"
প্রতিবছর দেশে ৪০ লাখ মেট্রিক টন গমের চাহিদা রয়েছে। উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/কেএমএস/১৭০১ ঘ.
bdnews24