২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ লাখ মে.টন চাল আমদানি করবে সরকার

ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব নূরুল করিম সাংবাদিকদের বলেন, দুই লাখ মেট্রিক টনের মধ্যে এক লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং বাকি এক লাখ মেট্রিক টন আতপ চাল। চাল আমদানিতে মোট ব্যয় হবে ৮০৬ কোটি ৬৫ লাখ টাকা। প্রতি টন সেদ্ধ চালের দাম পড়বে ৫৭৫ মার্কিন ডলার। আর আতপ চাল টন প্রতি ৫৩০ মার্কিন ডলার। মাত্র একদিন আগে দেশে খাদ্য সংকটের আশঙ্কার কথা নাকচ করে দিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক চাল ও গমসহ দেশে বর্তমানে ১১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ থাকার কথা জানিয়েছিলেন। চাল আমদানি ছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আরো চারটি প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে, ৭০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে কাতার থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি, বিদ্যুতের পোল কেনার জন্য ৭৯ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সর্বনিু দরদাতা হিসেবে চরকা এসপিসি পোলস লিমিটেডের দরপ্রস্তাব অনুমোদন, ২৪৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে 'ঢাকার মিরপুরে আনন্দনগর আবাসিক ফ্ল্যাট নির্মাণ' প্রকল্পের দরপত্র অনুমোদনের প্রস্তাব অনুমোদন এবং ১২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/১৯১১ ঘ.