ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি-বিজিএমইএর নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের ভেতরেই ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
বুধবার বিজিএমইএ-এর সম্মেলন কক্ষে 'পোশাক শিল্পে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন'-এ লিখিত বক্তব্যে তিনি বলেন, "বিজিএমইএ পোশাক শিল্পের উন্নয়নে সঠিক পরিকল্পনা ও তা বাস্তবায়নের লক্ষ্যে অব্যাহতভাবে কাজ করার সময়েই কেউ কেউ এসএমএস, সংবাদ সম্মেলন, একে অন্যকে দোষারোপ, স্বাক্ষরবিহীন চিঠি ও হিংসা বিদ্বেষ ছড়িয়ে এ শিল্পের সুনাম নষ্ট করছে।"
তিনি অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা ভোটার বানিয়ে সংগঠনে বিভাজন সৃষ্টি করা হয়েছে। ব্যবস্থাপক, কেয়ারটেকার, কমার্শিয়াল কর্মকর্তা ও মৃত ব্যক্তিদের নামে ভুয়া ভোটার করা হয়েছে।
আর এসব কারণেই ফেব্র"য়ারিতে নির্ধারিত তারিখে (২৪ ফেব্র"য়ারি অনুষ্ঠিতব্য) বিজিএমইএ নির্বাচন হয়নি মন্তব্য করে সভাপতি বলেন, "এসব ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি করা হয়েছে।"
তিনি বলেন, "ভুয়া ভোটারদের চিহ্নিত করে সঠিক ভোটার তালিকায় ২০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।"
নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে-এমন কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সালাম মুর্শেদী নির্বাচনে অংশগ্রহণকারী দুটি প্যানেলের নেতাদের প্রতি আহ্বান জানান এবং পোশাক শিল্পের ভাবমূর্তি রক্ষায় সবার সহযোগিতা চান।
বিজিএমইএ সহ-সভাপতি সিদ্দিকুর রহমানসহ সমিতির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/১৯২৬ ঘ.
bdnews24