২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেনে খরা কাটছে

প্রায় দেড় মাস পর হাজার কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে প্রায় সব শেয়ারের দাম। এতে সন্তোষ প্রকাশ করেছে বিনিয়োগকারীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় মাস পর হাজার কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে প্রায় সব শেয়ারের দাম। এতে সন্তোষ প্রকাশ করেছে বিনিয়োগকারীরাও। ঢাকার মতোই চিত্র দেখা গেছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ২৪৩ কোটি টাকা। সর্বশেষ গত ৩১ জানুয়ারি লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। সেদিন প্রায় ১১শ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। সেদিনের পর আর লেনদেন হাজার কোটি টাকা ছাড়ায়নি। টানা দরপতনের পর গত কয়েকদিনে সূচক বাড়লেও লেনদেন তেমন বাড়ছিলো না। ডিএসইতে বুধবার দিন শেষে সাধারণ সূচক ২৬৫ পয়েন্ট বা ৪ দশমিক ৩৮ শতাংশ ৬৩১৬ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৩টির দাম বেড়েছে, কমেছে ১৩টির। ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। পুঁজিবাজারের এই চাঙাভাবে দুপুরে ডিএসইর সামনে সাধারণ বিনিয়োগকারীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। তারা বাজারের স্থিতিশীলতা রক্ষা, দরপতন রোধ ও বিনিয়োগকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সারাদিনে ১৫০ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। সেখানে সূচক ৭২১ পয়েন্ট বেড়ে ১৭৮১৭ দশমিক ৭৬ এ দাঁড়িয়েছে। সিএসইতে মোট ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৮৬টির দাম বেড়েছে, কমেছে ১৩টির। অপরিবর্তিত ছিলো ৫টি শেয়ারের দাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএম/এমআই/১৭১৭ ঘ.