২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে সাড়া লন্ডনে

বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে লন্ডনে বেসরকারি উদ্যোগে আয়োজিত মেলায় বেশ সাড়া মিলেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

লন্ডন, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে লন্ডনে বেসরকারি উদ্যোগে আয়োজিত মেলায় বেশ সাড়া মিলেছে বলে আয়োজকরা জানিয়েছেন। বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকার ও ব্রোকারেজ হাউসগুলোকে নিয়ে তিন দিনের এ মেলা শনিবার শুরু হয়েছে। মেলা উদ্বাধন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদুর রহমান। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বাংলাদেশি রুশনারা আলীও অনুষ্ঠানে ছিলেন। বাংলাদেশের ২৩টি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের অংশগ্রহণে পূর্ব লন্ডনের ওয়াটার লিলি বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস ওয়েলথ ও প্রায় দুইশ বছরের পুরানো স্টকব্রোকার প্রতিষ্ঠান চার্লস স্টানলির প্রতিনিধিরাও। তারা বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আগ্রহী এ প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা বাংলাদেশের ব্রোকারেস হাউস ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। মেলার উদ্যোক্তা কারি লাইফ ইভেন্টসের চেয়ারম্যান সৈয়দ বেলাল আহমদ সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের শেয়ার বাজারের বর্তমান তারল্য সঙ্কট দূর করতে পারেন একমাত্র প্রবাসীরাই। তারা যেভাবে রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, সেভাবে বিনিয়োগ করেও স্টকমার্কেটকে চাঙা করতে পারেন।" "এ মেলা শুধু প্রবাসি বাংলাদেশিদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেনি, ব্রিটিশ আর্থিক প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের ব্যাপারে আগ্রহী করে তুলেছে। এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে যেতে পারলে হাজার কোটি টাকা কোনো বিষয় নয়", বলেন তিনি। সাঈদুর রহমান বলেন, "শুধু শেয়ারবাজারই নয়, বাংলাদেশের সবক্ষেত্রেই বিনিয়োগের জন্য একটি সুষ্ঠু পরিস্থিতি এখন বিরাজ করছে। লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া শেয়ারবাজার মেলা প্রবাসীদের জন্য বিনিয়োগের একটি নতুন দ্বার উন্মোচন করবে। এ মেলার মাধ্যমে তারা বিনিয়োগের এ খাত সম্পর্কে ধারণা নিতে পারবেন।" মেলার প্রধান পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অফ কমার্সের সাবেক চেয়ারম্যান শাহগীর বক্ত ফারুক, বাংলাদেশ ক্যটারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব পাশা খন্দকার, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন, প্রাইম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ইসবাহুল বার চৌধুরী প্রমুখ। মেলার প্রতিদিনই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে 'ইনভেস্টিং ইন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শীর্ষক সেমিনারেচার্লস স্ট্যানলি স্টকব্রোকিং কোম্পানির আব্দুস হামিদের সভাপতিত্বে আলোচনা করেন এনসিসি ব্যাংকের নূরুল আমিন, স্টকব্রোকার গোলাম কাদের ও আইনজীবী কায়সার আহমদ। এতে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৭ ঘ.