ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল টাকা তৈরির চক্রের বিরুদ্ধে এফআইআর গ্রহণে অস্বীকৃতি জানানোয় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে পুলিশের ওই কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাসিরকে আগামী ১০ মার্চ আদালতে হাজির হয়ে মামলা না নেওয়ার কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, মতিঝিল থানার ওসি, এসআই নাসির, ডিবির ডেপুটি কমিশনার (দক্ষিণ) এবং র্যাবের মহাপরিচালককে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
সানোয়ার হোসেন নামের এক ছেড়া টাকার ব্যবসায়ী কর্তৃক জনস্বার্থে দায়ের করা রিট আবেদনে আদালত এই রুল দেয়।
২০১০ সালের ২৬ মার্চ সমকাল পত্রিকায় 'জাল নোট চক্রের ২০ নিয়ন্ত্রক' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ঢাকাসহ সারাদেশে জাল নোটের ব্যবসা নিয়ন্ত্রণ করছে ২০ জনের একটি জালিয়াত চক্র। চক্রের সদস্যরা নতুন ১০ ও ১০০ টাকার নোট পাকিস্তানে পাচার করছে। সেখানে ১০ টাকার নোটে ৫০ এবং ১০০ টাকার নোটে ৫০০ টাকার ছাপ দিয়ে তৈরি করা হচ্ছে জাল নোট।
প্রতিবেদনে আরো বলা, করাচির জাল টাকা তৈরির এক কারাখানা মালিক ওয়াকারের সঙ্গে বাংলাদেশি চক্রের গডফাদার আল-আমিনের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। ২০০০ সালে বিপুল পরিমাণ মুদ্রার চালানসহ ওয়াকারকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। পরে আল-আমিন তাকে কারাগার থেকে জামিনে বের করিয়ে ভূয়া পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, "এই প্রতিবেদনের ভিত্তিতে গত ১৭ ফেব্র"য়ারি সানোয়ার হোসেন মতিঝিল থানায় মামলা করতে গেলে সে সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নাসির মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়।"
সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/কেএমএস/ ১৮৪৫ ঘ.
bdnews24