শেখ শাহরিয়ার জামান
ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং বলেছেন, তার দেশ এমন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী যা দুই দেশের জন্যই লাভজনক হবে।
শুক্রবার ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা উন্নয়ন খাত থেকে আমাদের মনোযোগ টেকসই বাণিজ্যিক সম্পর্কের দিকে নিবদ্ধ করতে চাই। গত চার দশক ধরে বিভিন্ন খাতে আমরা বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছি। তবে এখন আমরা চাই, দুই দেশের জন্যই লাভজনক হয় এমন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে।"
ডেনমার্কের ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য ইতিবাচক মনোভাবসম্পন্ন স্থানীয় উদ্যোক্তা খুঁজছেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশি ব্যবসায়ীরা যথেষ্ট পেশাদার, তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও তারা দক্ষ।"
তবে বাংলাদেশের জ্বালানি সমস্যা ও আমলাতান্ত্রিক জটিলতাকেই বিনিয়োগের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেন তিনি।
ডেনিস রাষ্ট্রদূত বলেন, "ডেনমার্কের অনেক কোম্পানি আছে, যারা বিদ্যুৎ খরচ কমানোর প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে সহায়তা দিতে পারে।"
জ্বালানি খাতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে ডেনিস দূতাবাস এরই মধ্যে পরিবেশবান্ধব উন্নয়ন কৌশল (সিডিএম) নিয়ে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ব্যবসাবান্ধব উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "দূতাবাসের পক্ষ থেকে ডেনিস ব্যবসায়ীদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে দেখা যায়, প্রথমে তারা তেমন উৎসাহী হন না। তবে প্লেনভাড়াসহ যাবতীয় ব্যয় বহনের আশ্বাস পেলে অনেকেই বাংলাদেশ এসে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেন।
"দেশে ফেরার পর তাদের সবাই না হলেও অনেকেই বিনিয়োগ প্রস্তাব নিয়ে আবারো বাংলাদেশে এসেছেন।"
দূতাবাসের উদ্যোগে গত ডিসেম্বর মাসে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "ওই অনুষ্ঠানে ডেনমার্কের ১০টি কোম্পানি স্থানীয় ৪৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছিলো। ওই বৈঠকের পর সবকটি ডেনিশ প্রতিষ্ঠানই স্থানীয় অংশীদারদের খুঁজে নিয়ে এ দেশে ব্যবসা করার প্রক্রিয়া শুরু করেছে।"
বাংলাদেশের জাহাজ নির্মাণ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ওষুধ ও বস্ত্রখাতকে সম্ভাবনাময় খাত হিসাবে চিহ্নিত করেন তিনি।
রাষ্ট্রদূত জানান, আগামী মে মাসে একই ধরনের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি বলেন, "বাংলাদেশ সম্পর্কে অনেক বিদেশির ধারণা নেতিবাচক। তারা মনে করেন- এটি বন্যা আর দুর্নীতির দেশ। তবে এখানে এসে প্রকৃত চিত্র দেখার পর তাদের সেই ধারণা পাল্টে যায়।"
'নোভো নরডিক' নামের একটি ডেনিশ ওষুধ কোম্পানি উন্নতমানের ইনসুলিন তৈরির জন্য বাংলাদেশে যৌথভাবে একটি ওষুধ কারখানা স্থাপন করতে যাচ্ছে উল্লেখ করে এই কূটনীতিক জানান, ৫০টির মতো ডেনিস কোম্পানি বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করছে।
ওলিং বলেন, "ডেনিস কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যবসার সম্ভাবনা নিয়ে তথ্য জানতে চায়। এ অবস্থায় দূতাবাসের বাণিজ্য বিভাগে আমাদের কর্মী সংখ্যা দুই জন থেকে বাড়িয়ে ছয় জন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২০৫১ ঘ.
bdnews24