মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুদবিরোধী আইনে চাল ও গমসহ পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদের পরিমাণ ও সময়সীমা নির্ধারণ করছে সরকার। মিল মালিক, আমদানিকারক ও পাইকারি সব পর্যায়েই এ নিয়ম প্রযোজ্য হবে।
এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত চাল ও গমের বিষয়ে কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন (এসআরও) জারি করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে ডাল, ভোজ্য তেল ও চিনি এই তিনটি পণ্যগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে মতামত দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাল, ভোজ্য তেল ও চিনি এই তিনটিকে জরুরি নিত্যপণ্য (এসেনসিয়াল কমোডিটিস) আইনের আওতায় নেওয়ার বাধাগুলো খতিয়ে দেখতে বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।
তাদের বক্তব্য শোনার পর অর্থ ও আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাইকারি পর্যায়ে ধান ও চাল বিক্রেতা সর্বোচ্চ ৩০০ মেট্রিক টন খাদ্য সামগ্রী সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত মজুদ রাখতে পারবেন। আর খুচরা পর্যায়ের বিক্রেতা ১৫ টন খাদ্য সামগ্রী ১৫ দিন পর্যন্ত রাখার সুযোগ পাবেন।
গমের ক্ষেত্রে পাইকারি বিক্রেতা ২০০ টন সামগ্রী ৩০ দিন পর্যন্ত এবং খুচরা বিক্রেতা ১০ টন সামগ্রী ১৫ দিন পর্যন্ত মজুদ রাখতে পারবেন।
যেহেতু এ দুটি পণ্যই বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, তাই এগুলোর বিষয়ে কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
অন্য যে তিনটি পণ্য এখনো বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত রয়েছে সেসব পণ্যও কী পরিমাণে ও কত দিনের জন্য মজুদ করা যাবে তারও একটি সীমা প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়।
সে প্রস্তাব অনুযায়ী পরিশোধিত চিনির ক্ষেত্রে পাইকারি বিক্রেতা ৫০ টন চিনি ৩০ দিন পর্যন্ত এবং খুচরা বিক্রেতা ৫ টন চিনি ২০ দিন পর্যন্ত মজুদ রাখতে পারবেন।
ডালের ক্ষেত্রে পাইকারি ও খুচরা বিক্রেতারা চিনির মতোই মজুদ রাখতে পারবেন।
অন্যদিকে পরিশোধিত ভোজ্য সয়াবিন ও পাম তেলের পাইকারি বিক্রেতাদের ৩০ টন তেল ৩০ দিন এবং খুচরা বিক্রেতারা ৫ টন তেল ২০ দিন পর্যন্ত মজুদ রাখতে পারবেন বলে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে।
আমদানিকারক পর্যায়ে খাদ্য সামগ্রী মজুদের ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে ৩০ দিন থেকে পরবর্তী ১০ দিনের মধ্যেই তাদের আমদানি করা অর্ধেক (৫০ শতাংশ) সামগ্রী বাজারে ছাড়তে হবে। তার পরের ১০ দিনের মধ্যে ২৫ শতাংশ এবং বাকি পণ্য পরবর্তী ১০ দিনের মধ্যে বাজারে ছাড়তে হবে।
১৯৫৩ সালে প্রথম নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুদ নিয়ন্ত্রণে 'ইস্ট বেঙ্গল (ফুড স্টাফস) প্রাইস কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি হোর্ডিং অর্ডার' প্রণয়ন করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে এ ক্ষেত্রে নতুন কোনো আইন হয়নি। ব্যবসায়ীরা আগের আইনেই সনদ নিয়ে ব্যবসা করতেন।
১৯৯১ সালে বিএনপি সরকার নির্বাহী আদেশের মাধ্যমে ১৯৫৩ সালের আইনটি স্থগিত করে। ফলে ব্যবসায়ীদের আর সনদ নেয়ার প্রয়োজন পড়েনি। অনেকে একে খাদ্য ব্যবসায় অস্থিরতার কারণ বলে মনে করেন।
স
bdnews24