ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুই দিনের মতো দরপতন দিয়েই সপ্তাহ শেষ করলো ঢাকার পুঁজিবাজার। কমেছে সূচক, লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম।
দিনের লেনদেন শেষে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক (ডিজিইএন) ২১৭ দশমিক ৫৪ পয়েন্ট বা ৩ দশমিক ৬১ শতাংশ কমে দাঁড়ায় ৫৮০০ দশমিক ৯৩।
সারাদিনে হাতবদল হয় ৫৫৯ কোটি টাকার শেয়ার, যা গত দিনের চেয়ে ২ শতাংশ কম।
লেনদেন হওয়া ২৩১টি শেয়ারেরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৬টির। অপরিবর্তিত ছিলো ২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
টানা কয়েক দিনের উত্থানের পর মঙ্গলবার থেকে বাজারে দরপতন শুরু হয়। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার অভাবেই এমনটা ঘটছে। যদিও ডিএসই সভাপতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের নির্বাহী প্রধান ইওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে এখনো আস্থা ফিরে আসেনি। শেয়ারের একটু দাম বাড়লেই বিনিয়োগকারীরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন।
"গত তিন মাসে বাজার থেকে প্রায় ৩ হাজারের বেশি পয়েন্ট চলে গেছে। তাই এ ধরণের অস্থিরতা দেখা যাচ্ছে।"
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়। সেইসঙ্গে কমে লেনদেন ও শেয়ারের দাম।
সিএসই সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) গত কার্যদিবসের চেয়ে ৪১৫ দশমিক ৮৫ পয়েন্ট বা ৩ দশমিক ৭৮ শতাংশ কমে দিন শেষে দাঁড়িয়েছে ১০৫৫৮ দশমিক ৩৪।
এদিন হাতবদল হয় মোট ৬৭ কোটি টাকা। যা গতদিনের চেয়ে ১১ শতাংশ কম।
হাতবদল হওয়া ১৯২টি শেয়ারের মধ্যে ১৭৭টিরই দাম কমেছে, বেড়েছে ১৩টির ও অপরিবর্তিত ছিলো ২টি শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এমআই/১৬০৪ ঘ.
bdnews24