ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ধসের কারণ তদন্তে গঠিত কমিটিতে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে- জানিয়েছেন কমিটিপ্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ।
কমিটিতে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যরিস্টার নিহাত কবির।
মঙ্গলবার কৃষি ব্যাংকের সম্মেলন কক্ষে পুঁজিবাজার প্রতিবেদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইব্রাহিম খালেদ বলেন, "এখন কমিটির সদস্য সংখ্যা চার। তদন্তে অনেক আইনি বিষয় আছে যেগুলো দেখা প্রয়োজন। তাই অর্থমন্ত্রীকে একজন আইনজীবী দেওয়ার জন্য বলেছিলাম।
"পরে ব্যরিস্টার নিহাত কবিরের নাম প্রস্তাবের পর অর্থমন্ত্রী তাতে সায় দেন। ইতিমধ্যে তাকে কমিটিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে।"
কমিটিপ্রধান ইব্রাহিম খালেদ কৃষি ব্যাংকের চেয়ারম্যান।
কমিটির কাজের অগ্রগতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, "দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে দেওয়া হবে । প্রকাশ না প্রকাশের এখতিয়ার মন্ত্রীর।"
এর আগে দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন শেষে তিনি বলেন, "তদন্ত কমিটি গঠন করার পর প্রায় এক মাস পার হয়েছে। আশা করছি, যথাসময়েই আমরা তদন্ত কাজ শেষ করতে পারবো।"
তদন্তের কাজ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানি (বিএপিএলসি) ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে বলেও জানান ইব্রাহিম খালেদ।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটির কাজে হস্তক্ষেপ করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে কমিটিপ্রধান বলেন, "কালো টাকার বিষয়ে এনবিআর'র কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কি না সে চেষ্টা করা হবে।"
মতবিনিময় সভায় তদন্ত কমিটির অন্য সদস্য তৌফিক আহমেদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/১৮৫৪ ঘ.
bdnews24