২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতা'যথা সময় প্রতিবেদন দেওয়া হবে'

শেয়ার বাজার নিয়ে গঠিত তদন্ত কমিটি যথা সময়ে তদন্ত প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিটির প্রধান কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজার নিয়ে গঠিত তদন্ত কমিটি যথা সময়ে তদন্ত প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিটির প্রধান কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, "তদন্ত কমিটি গঠন করার পর প্রায় এক মাস পার হয়েছে। এর মধ্যে আমাদের কাজেরও অগ্রগতি হয়েছে। আশা করছি, যথাসময়েই আমরা তদন্ত কাজ শেষ করতে পারবো।" মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ইব্রাহিম খালেদ বলেন, "আজ (মঙ্গলবার) আমরা গিয়েছিলোম ডিএসই কীভাবে কার্যক্রম পরিচালনা করে তা দেখতে।" কমিটির তদন্ত কাজের জন্য একজন অভিজ্ঞ আইনজ্ঞ দরকার উল্লেখ করে তিনি বলেন, "অর্থমন্ত্রীর সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলেছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।" ডিএসই সভাপতি শাকিল রিজভী এ সময় তার সঙ্গে ছিলেন। রিজভী সাংবাদিকদের বলেন, "তদন্ত কমিটিকে আমরা পূর্ণ সহযোগিতা দিচ্ছি। আজ আমরা কমিটিকে দেখিয়েছি, আমাদের কার্যক্রম কীভাবে পরিচালিত হয়।" এ সময় ফোর্স সেলিং বন্ধের পক্ষেও মত প্রকাশ করেন ডিএসই সভাপতি। তিনি বলেন, "সম্প্রতি অর্থমন্ত্রী ফোর্স সেল বন্ধে আইন করার বিষয়ে যে কথা বলেছেন, আমি মনে করি তা সঠিক।" ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারের পরিস্থিতি সম্পর্কে সভাপতি বলেন, "আজ সূচকে অনেক ওঠা-নামা থাকলেও, লেনদেন এখন পর্যন্ত বেশি। এটা বাজার স্বাভাবিক হয়ে আসার লক্ষণ।" পুঁজিবাজারে সাম্প্রতিক অস্থিরতার কারণ খতিয়ে দেখতে গত ২৫ জানুয়ারি কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে সরকার। শেয়ার বাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ ও কারসাজির অভিযোগ তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয় এ কমিটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কিউএইচ/জেকে/১৪৩৩ ঘ.