আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুঁড়োদুধের দাম একদিনের ব্যবধানে ১৫-৩৫ টাকা বেড়েছে। আমদানিকারকরা বেশি দামের জন্য খুচরা ব্যবসায়ীদের দায়ী করেছেন।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) বাজার পর্যবেক্ষণ তালিকায় দেখা যায়, মঙ্গলবার এক কেজি ওজনের ডানো ও ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ব্রান্ডের প্যাকেটের মূল্য ৪৮০-৪৮৫ টাকা, ফ্রেশ ব্রান্ড ৪২০-৪৩০ টাকা এবং মার্কস ব্রান্ড ৪২৫-৪৩০ টাকায় বিক্রি হয়েছে।
টিসিবি'র সোমবারের তালিকায় ডানো ব্রান্ডের প্যাকেটপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৫৫-৪৭০টাকা, ডিপ্লোমা (নিউজিল্যান্ড) ৪৫৫-৪৬০ টাকা এবং ফ্রেশ ও মার্কস ৪০০-৪১০ টাকা।
সোমবারের বাজারমূল্যের তুলনায় মঙ্গলবার প্যাকেটজাত সব গুঁড়োদুধের দাম ১৫-৩৫ টাকা পর্যন্ত বেড়েছে; তবে মোড়কে এই বর্ধিত দামের উল্লেখ নেই।
টিসিবি'র এ মূল্যতালিকা রাজধানীর কারওান বাজার, নিউমার্কেট, হাতিরপুর, মৌলভীবাজার, ঠাঠারিবাজার, সূত্রাপুর, ফকিরপুল, মিরপুর এক ও ছয় নম্বর বাজার, মোহাম্মদপুর টাউন হল ও মোহাম্মদপুর কৃষি মার্কেট, শাহজাহানপুর, মালিবাগ, যাত্রাবাড়ি, শান্তিনগর কচুক্ষেত ও মহাখালী বাজারের পাইকারী ও খুচরা বাজার পর্যবেক্ষণ থেকে তৈরি।
দেশের অন্যতম পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার এন্ড কর্মাসের পরিচালক ছগির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তজার্তিক বাজারে দাম বাড়লেও তার প্রভাব পড়বে তিনমাস পর।
দেশে গুঁড়োদুধের অন্যতম আমদানিকারক ও সরবরাহকারী আবুল খায়ের গ্র"পের (মার্কস) ব্যবস্থাপক মাজহারুল ইসলাম উজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাহিদার তুলনায় দেশে গুঁড়োদুধের মজুদ কমে গেছে। ফলে প্রতিষ্ঠানগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে।
আমদানিকারকরা দাম বাড়ায়নি দাবি করে তিনি বলেন, "গুঁড়োদুধের প্যাকেটে আগের দামই রয়েছে। পণ্যের সংকটের কথা শুনে খুচরা ব্যবসায়ীরা একদিনেই এই অস্বাভাবিক দাম বাড়িয়ে দিয়েছে।
গুঁড়োদুধ আমাদানিকারক প্রতিষ্ঠান নিউজিল্যান্ড ডেইরীর (রেডকাউ ও ডিপ্লোমা) আঞ্চলিক ব্যাবস্থাপক তরিকুল মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুধের দাম বাড়ানো হয়েছে। তবে বর্ধিত মূল্যের চালান এখনো বাজারে আসেনি।
ফেব্র"য়ারির ৫ তারিখে তাদের কোম্পানির রেডকাউ ও ডিপ্লোমা ব্রান্ডের দুধের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে জানিয়ে তরিকুল বলেন, "আগের চালানের পণ্য বেশি দামে বিক্রির কোনো কারণ নেই। এ জন্য খুচরা ব্যবসায়ীর দায়ী।"
আরেক গুঁড়োদুধ আমদানিকারক ও সরবরাহকারী সানোয়ারা গ্র"পের পরিচালক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেব্র"য়ারি মাসে আন্তর্জাতিক বাজারে গুঁড়োদুধের দাম জানুয়ারি মাসের তুলনায় দ্বিগুণ হয়েছে। তাছাড়া গুঁড়োদুধ আমদানিতে কোনো ফিক্সড ডিউটি (নির্ধারিত শুল্ক) না থাকায় সেই দাম আরো বেড়ে যায়।
তবে ইতিমধ্যে বাজারে থাকা পণ্যের ক্ষেত্রে মোড়কের ট্যাগে লেখা দামের চেয়ে বেশি দামে বিক্রির বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।
রাজধানীর কারওয়ান বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের বিক্রেতা আমিনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুঁড়োদুধের সরবরাহ হঠাৎ কমে গেছে। আন্তজার্তিক বাজারে মূল্য বেড়েছে জানিয়ে ডিলাররাও দাম বাড়িয়ে দিয়েছে।
চট্টগ্রামের অন্যতম বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজারের গুঁড়োদুধ বিক্রেতা মোহাম্মদ শফি জানান, প্যাকেটমূল্যে কোম্পানিগুলো গুঁড়োদুধ সরবরাহ করছে না। চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় কেনাবেচা উভয়ই বেশি পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২২২৯ ঘ.
bdnews24