ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ২১ প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করার জন্য গণমাধ্যম ও বিশেষজ্ঞদের দুষলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পুঁজিবাজারে অস্থিরতার প্রেক্ষাপটে সরকারি ২১টি প্রতিষ্ঠানের শেয়ার আগামী সেপ্টেম্বরের মধ্যে ধাপে-ধাপে বাজারে আনার সিদ্ধান্তের কথা গত ১০ ফেব্রুয়ারি সাংবাদিকদের জানিয়েছিলেন মুহিত।
এরপর সোমবার বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি জানায়, ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। অর্থমন্ত্রীও বলেন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে কবে কীভাবে ছাড়া হবে সে সিদ্ধান্ত ২০ ফেব্রুয়ারির পর নেওয়া হবে।
এ বিষয়ে অর্থমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "এটা করা হয়েছে আপনাদের (গণমাধ্যম) এবং সো-কলড এক্সপার্টদের কারণে।"
এসব শেয়ার ছাড়ার সিদ্ধান্ত বাতিল হয়নি জানিয়ে তিনি বলেন, "ফেব্রুয়ারিতে যে দুটো প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার কথা ছিলো, সেগুলো ফেব্র"য়ারিতে আসছে না। তবে পর্যায়ক্রমে সবগুলোই আসবে।"
কোনো সরকারি প্রতিষ্ঠানের শেয়ারই নির্দিষ্ট মূল্যের কমে ছাড়া হবে না বলেও জানান মুহিত।
পুঁজিবাজারে 'অনেক বেশি' মূল্য সংশোধন হয়েছে বলেও মনে করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "বাজার অনেক বেশি কারেকশন হয়েছে। আমি সবসময়ই আশা করছি মার্কেট স্থিতিশীল হয়ে উঠবে।"
মার্চেন্ট ব্যাংকগুলোর বাধ্যতামূলক শেয়ার বিক্রি (ফোর্স সেল) পছন্দ করেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি মার্চেন্ট ব্যাংকগুলোর ফোর্স সেল করার কোনো অধিকার নেই। এটা চূড়ান্তভাবে আমার অপছন্দ।"
মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন জানিয়ে মন্ত্রী বলেন, "তাদের ইকুইটি বাড়াতে হবে এবং স্বনির্ভর হতে হবে। মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরি করা হবে।"
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক সংবাদে বলা হয়, সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক- এই চারটি সরকারি ব্যাংককে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার জন্য সরকার তহবিল দিচ্ছে।
করদাতার অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করা ঠিক হচ্ছে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "এটা করদাতার অর্থ নয়, এ অর্থ জনগণের।"
যাদের কারণে পুঁজিবাজারে দরপতন হয়েছে তাদেরকে বাজারে আনতে বাধ্য করা হচ্ছে না কেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "তাদের সেটা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেবি/এমআই/১৬১৪ ঘ.
bdnews24