২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের বর্ধিত দাম নেতিবাচক প্রভাব ফেলবে: চট্টগ্রাম চেম্বার

বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে দেশের শিল্পোৎপাদন ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিটাগং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে দেশের শিল্পোৎপাদন ও রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিটাগং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৮ ফেব্র"য়ারি বিদ্যুতের খুচরা দাম অন্তর্বর্তী সময়ের জন্য পাঁচ শতাংশ এবং পাইকারি (বাল্ক) দাম ১১ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। এই বর্ধিত দাম ১ ফেব্র"য়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়। মোরশেদ মুরাদ ইব্রাহিম তার বিবৃতিতে বলেন, "নিরবচ্ছিন্নভাবে শিল্প পণ্য উৎপাদন ও পণ্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুতের বর্ধিত মূল্য কার্যকর হওয়ায় পণ্যের উৎপাদন ব্যয় অনেকাংশে বৃদ্ধি পাবে।" এতে করে প্রতিযোগিতামূলক বিশ্ববাজার বাংলাদেশি পণ্যের জন্য সঙ্কুচিত হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যুতের দাম বাড়ানোর এই সিদ্ধান্তকে তৈরি পোশাক শিল্পের জন্য 'মরার ওপর খাঁড়ার ঘা' আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, "এতে শিল্প কারখানা ও পোশাক শিল্পে কর্মরত হাজার হাজার শ্রমজীবী মানুষকে বেকার হতে হবে।" এই সিদ্ধান্তের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সরকারের নেওয়া বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচি বাধাগ্রস্ত হবে বলে উল্লেখ করে এই ব্যবসায়ী নেতা বলেন, "দেশের শিল্প, কর্মসংস্থান ও রপ্তানি খাতকেই এর খেসারত দিতে হবে।" বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে জীবন যাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতি বাড়বে এবং তা সামাজিক অস্থিরতা উস্কে দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মোরশেদ মুরাদ ইব্রাহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২০৫৭ ঘ.