২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দর গতিশীল করতে বেসরকারি ডিপোতে খালাস বাড়াতে হবে'

চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে হলে পর্যায়ক্রমে সব ধরনের কনটেইনার বন্দর থেকে বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বিদায়ী চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে হলে পর্যায়ক্রমে সব ধরনের কনটেইনার বন্দর থেকে বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বিদায়ী চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমডোর আনোয়ারুল ইসলাম ইতিমধ্যে তার যোগদানপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। রোববার তিনি বিদায়ী চেয়ারম্যানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন। মতবিনিময় অনুষ্ঠানে কমডোর আর ইউ আহমেদ সাংবাদিকদের বলেন, বন্দরে প্রতি বছর কনটেইনার ও সাধারণ পণ্য ওঠানামার হার বাড়ছে। আগামী দুই বছরের মধ্যে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া সম্ভব হলে কনটেইনার পরিবহনের হার বছরে গড়ে ১২ থেকে ১৪ শতাংশ হারে বাড়বে। তা সম্ভব হলে কন্টেইনার ওঠানামায় কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানান তিনি। বিদায়ী চেয়ারম্যান বলেন, "বন্দরের দক্ষতা বাড়াতে হলে বন্দর থেকে বেসরকারি ডিপোতে নিয়ে পর্যায়ক্রমে সব ধরনের কনটেইনার খালাসের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমানে ১৭টি পণ্য বেসরকারি ডিপোতে নিয়ে খালাসের অনুমতি আছে।" এই সংখ্যা বাড়ানো গেলে বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান বলেন, "বন্দরে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা থাকলে ভালো। কারণ আমারও বন্দর পরিস্থিতি বুঝতে এবং জানতে সময় লেগেছে।" "তবে নতুন যিনি আসবেন- তিনি হয়তো কম সময়েও ভালোভাবে বন্দর চালাতে পারবেন," যোগ করেন আর ইউ আহমেদ। অন্যদের মধ্যে বন্দরের সদস্য হাদী হোসেন ও বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০৩১ ঘ.