সিলেট, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ব্যবসায়ীরা বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট পালন করেছে। এসময় সিলেটে সব বিপণি বিতান বন্ধ ছিলো।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়। ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে- অপ্রশস্ত সড়ক সংস্কার, বিপণি বিতানগুলোর নিজস্ব পার্কিং ব্যবস্থা, ফুটপাত অবৈধ দখলমুক্ত ও নগরীর যানজট নিরসন করা।
ধর্মঘট চলাকালে ব্যবসায়ীরা নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশ করে।
সমাবেশে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া বলেন, দু'বছর ধরে সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়ে আসছে ব্যবসায়ীরা। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন দফায় দফায় আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
তিনি জানান, গত ৫ জানুয়ারি ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলো। তখন মেয়র, পুলিশ ও র্যাব কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ব্যবসায়ীরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
ব্যবসায়ীদের দাবির বিষয়ে মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দাবি যৌক্তিক। কিন্তু দ্রুত এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
তিনি জানান, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন করতে সিটি কর্পোরেশনের পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়নে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম সাংবাদিকদের জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/এমআই/১৪০০ ঘ.
bdnews24