২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কারসাজি রোধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সরকার'

পুঁজিবাজারে কারসাজি রোধ করতে সরকার নজরদারি জোরদার করাসহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজের লিখিত প্রশ্নের জবাবে বুধবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী মুহিত জানান, বাজারের তারল্য নিয়ন্ত্রণ, বাজারের কারসাজি রোধে নজরদারি জোরদার করা, কারসাজি রোধে তদন্ত পরিদর্শন কার্যক্রম জোরদার করা, সমন্বিত নজরদারি সফটওয়্যার তৈরি, শর্ট সেল রোধে ইনট্রিগ্রেটেড ট্রেডিং সফটওয়্যার প্রণয়ন, বিনিয়োগকারীদের প্রশিক্ষণ, বিনিয়োগকারীদের সচেতনতার জন্য নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ, বাজারের মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয় সাধন, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেট থেকে দুর্বল কোম্পানিগুলোকে ওটিসি মার্কেটে স্থানান্তর, অতি মূল্যায়িত বিবেচিত হলে সাময়িতভাবে তার লেনদেন স্থগিত করা এবং নিরীক্ষিত ও অন্য আর্থিক বিবরণীর আরো স্বচ্ছতা নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূঞা মোহনের এক প্রশ্নের জবাবে মুহিত জানান, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রোকারশিপ লাইসেন্সের সংখ্যা ৩৬৫টি। এর মধ্যে ঢাকায় ২৩৮টি ও চট্টগ্রামে ১২৭টি।

কক্সবাজার-২ আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের পুঁজিবাজারকে টেকসই ও আধুনিকীকরণের জন্য ইন্টারনেট ট্রেডিং সিস্টেম চালু, ডিমিউচুয়্যালাইজেশন প্রক্রিয়ার মাধমে মালিকানা থেকে ট্রেডিং আলাদা করা, ক্লিয়ারিং কর্পোরেশন প্রতিষ্ঠা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল প্রতিষ্ঠা করা ও বন্ড মার্কেটের উন্নয়নের পরিকল্পনা সরকারের রয়েছে।

সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টিতে ও বিনিয়োগকারীদের দুর্বল করতে কোনো চক্রান্ত হয়েছে কি না তা তদন্ত ছাড়া জানা সম্ভব নয়।"