ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার।
বিকাল ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হবে বলে বিইআরসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাব অনুযায়ী বিইআরসি কার্যালয়ে গত ১৯ জানুয়ারি গণশুনানি হয়।
শুনানি শেষে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেছিলেন, ১৫ ফেব্র"য়ারির মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে। পরে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হবে।
শুনানিতে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), এফবিসিসিআই, বিজিএমইএসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সব সংগঠনের পক্ষ থেকে দাম বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়। তবে তারা বলেন, দাম বাড়ানো যেন যৌক্তিক ও ন্যায়সঙ্গত হয়।
সর্বশেষ ২০০৮ সালের ১ অক্টোবর প্রতি কিলোওয়াট-পার ঘণ্টা বিদ্যুতের পাইকারি দাম ১৬ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ০৪ টাকা থেকে ২ দশমিক ৩৭ টাকা নির্ধারণ করা হয়।
গত ১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিইআরসিকে লিখিত প্রস্তাব দেয়।
ওই প্রস্তাবে বলা হয়, প্রতি বছর শতকরা ৮ থেকে ১০ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে বর্ধিত চাহিদা মেটাতে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এ কারণেই বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করতে হচ্ছে।
বিদ্যুতের দাম আগামী তিন বছর প্রতি ছয় মাসের ব্যবধানে সাড়ে ১২ শতাংশ হারে বাড়ানোরও প্রস্তাব করে বিউবো।
বিউবোর প্রস্তাবে আরো বলা হয়, ২০০৯-১০ সালে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল দুই টাকা ৬২ পয়সা। কিন্তু বিতরণ কোম্পানিগুলোর কাছে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি করছে দুই টাকা ৩৭ পয়সায়।
কাজেই অন্যান্য ব্যয় অপরিবর্তিত থাকলেও শুধু তরল জ্বালানির ব্যবহার বাড়ার কারণে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ২০১০-১১ সালে ইউনিট প্রতি হবে তিন টাকা ৬২ পয়সা (বৃদ্ধির হার ৫২ দশমিক ৫৭ শতাংশ)।
২০১১-১২ সালে হবে প্রায় চার টাকা ৪১ পয়সা (বৃদ্ধির হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ)।
২০১২-১৩ সালে হবে প্রায় চার টাকা ৯৮ পয়সা (বৃদ্ধির হার ১১০ দশমিক ৩৮ শতাংশ)। এই ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পাইকারি পর্যায়ে দাম বাড়ানো প্রয়োজন বলে প্রস্তাবে সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১১৩৬ ঘ.
bdnews24