২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কারো মাথা ঠিক নাই'

ডিএসইতে সূচক পতনের কারণে সোমবারও রাস্তায় নামে বিনিয়োগকারীরা। তাদের কয়েকজন ক্ষোভ ঝারেন সড়কদ্বীপের একটি গাছের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার হরতালের মধ্যে সাধারণ সূচক ৩২৪ পয়েন্ট পড়ে যাওয়ার পর অর্থমন্ত্রীর বিরুদ্ধে মিছিল নিয়ে রাস্তায় নামলেন বিনিয়োগকারীরা। আর তাদের পুঁজি হারানোর ক্ষোভ গিয়ে পড়লো সড়কদ্বীপের একটি গাছের ওপর। পাশেই দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকরা বিক্ষোভকারীদের এই কাণ্ড দেখে হতবাক। সূচক পড়তে থাকায় দুপুর অড়াইটার দিকে প্রায় দুইশ বিনিয়োগকারী ডিএসইর সামনে মিছিল শুরু করেন। মিছিলটি শাপলা চত্বরের কাছে পৌঁছানোর পর ভাঙচুর করার জন্য লাঠি ও ইট পাথর খুঁজতে শুরু করেন কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন মিলে সড়কদ্বীপ থেকে উপড়ে ফেলেন একটি গাছ। এরপর গাছটি হাতে নিয়ে বীরদর্পে মিছিলে যোগ দেন তারা। হাসিবুল হোসেন নামের এক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ার বাজারে দরপতনে আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আমি বাবার পেনশনের টাকা নিয়ে ১০ লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। এখন মাত্র ২ লাখ আছে। অন্যদের অবস্থাও আমার মতোই।" সড়কদ্বীপ থেকে গাছ তুললেন কেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি গাছ তুলিনি। আসলে কারো মাথা ঠিক নাই।" আরেক বিনিয়োগকারী জাহিদুল ইসলাম বলেন, "সবার অনেক লস হয়েছে। তারা উত্তেজিত হয়ে এ কাজ করেছে। তবে এটা ঠিক হয়নি। লসতো অনেকেরই হয়েছে, সবাইতো এ রকম হিংস্র হয়নি।" ফুটপাতের চা বিক্রেতা মিজানুর রহমান বলেন, "হরতালের দিন তো, তাই ভাঙ্গার জন্য গাড়ি না পাইয়া গাছের ওপর ঝাল ঝারছে।" সোমবার দিনের লেনদেনের শুরুতেই ডিএসইর সাধারণ সূচক পড়তে শুরু করে। মাঝখানে একবার উঠলেও পরে আবার পতনের ধারা শুরু হয়। শেষ পর্যন্ত সূচকের ঘরে আগের দিনের চেয়ে ৩২৪ পয়েন্ট কম নিয়ে ৬৩৯৪ দশমিক ৫৩ পয়েন্টে লেনদেন শেষ হয় এ বাজারে। এদিন প্রায় ৬১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ডিএসইতে। এর মধ্যে ২৪১টির দামই কমেছে, বেড়েছে ১২টির। দুটি শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। হরতালের কারণে মতিঝিল এলাকায় এমনিতেই যানবাহন কম ছিল। কিছু রিকশা চলাচল করলেও সেগুলো আটকে দেয় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। দুপুর ২টার পর বিক্ষোভকারীরা মতিঝিল শাপলা চত্বরের কাছে একটি বাস এবং ডিএসই ভবনের কাছে একটি পিকআপে ভাঙচুর করে। সড়কে কাগজ জড়ো করে তাতে আগুন দিয়ে শ্লোগান দিতে দেখা যায় কিছু বিনিয়োগকারীকে। মিছিলকারীদের একটি অংশ ইস্পাহানি ভবন, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, আইএফআইসি ও সিটি ব্যাংক ভবন লক্ষ্য করে ঢিল ছুড়লে এসব ভবনের বেশ কিছু কাচ ভেঙে যায়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সামনে একটি বিজ্ঞাপনী বিলবোর্ডও তাদের রোষের শিকার হয়। বিকাল ৩টায় লেনদেনের সময় শেষ হওয়ার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/২২২২ ঘ.