২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: এক দিনের ব্যবধানে ফের পতন

এক দিনের ব্যবধানে আবারো মূল্যসূচকের পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দিনের ব্যবধানে আবারো মূল্যসূচকের পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮৩ দশমিক ৮০ পয়েন্ট কমে ৭ হাজার ১২৫ দশমিক ৩৩ পয়েন্টে নেমে আসে। এদিন মাত্র ৭৩৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শুরুতে সাধারণ মূল্যসূচক খানিকটা বাড়লেও এরপর কমতেই থাকে। এর আগে বুধবার ডিএসইর সাধারণ মূল্যসূচক মাত্র ২৮ পয়েন্ট বাড়লেও লেনদেন মঙ্গলবারের চেয়ে কম হয়। সপ্তাহের শেষ দিনে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমে ২৩১টির, বেড়েছে ২২টির এবং বাকি চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, মূলত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট ও সিরামিকস খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে এদিন । দিনের লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- এনবিএল, গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, বে লিজিং, তিতাস গ্যাস, বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, সাইথইস্ট ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও বেক্সটেক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৩ হাজার ১৩৯ দশমিক ২৮ পয়েন্ট হয়েছে। এ বাজারে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ১৮৩টির, বেড়েছে পাঁচটির এবং বাকি সাতটির দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৯০৭ ঘ.