ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আব্দুর রাজ্জাক একথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণে চাল ও গম মজুদ আছে। ঘাটতি দেখা দিলে প্রয়োজন অনুযায়ী বিদেশে থেকে খাদ্য আমদানি করা হবে।
সাংসদ আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।
সাংসদ শহীদুজ্জামান সরকার সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, সরকারের ওএমএস'র চাল বিক্রি উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকায় গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এর জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বেশি হওয়ায় দেশীয় বাজারেও এর দাম বেশি। এ কারণে সরকার শ্রমঘন এলাকা ও উপজেলা পর্যায়ে ওএমএস'র চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে গ্রামেও ওএমএস'র চাল বিতরণের নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া সরকার সারাদেশের ৪০ লাখ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, "চলতি বোরো মৌসুমে আবাদ বৃদ্ধির পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভা করে চালের দাম বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ফলে আশা করা যায় চলতি মৌসুমে চালের দাম আর বাড়বে না।"
সাংসদ আমিনা আহমেদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নে জবাবে খাদ্যমন্ত্রী বলেন, "রাজধানীসহ দেশের সব বড় শহরে ভূমিকম্প ও দুর্যোগ মোকবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ৬২ হাজার কমিউনিটি ভলান্টিয়ার সৃষ্টির পদক্ষেপ নেওয়া হয়েছে।"
জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, খাদ্যশস্য মজুদের জন্য দেশের উত্তরাঞ্চলে এক লাখ ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একশ ৩৯টি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪৭ ঘ.
bdnews24