২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে সিন্ডিকেট বলে কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাজারে 'সিন্ডিকেট' বলে কোনো গোষ্ঠীর অস্তিত্ব নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাজারে 'সিন্ডিকেট' বলে কোনো গোষ্ঠীর অস্তিত্ব নেই। জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। বিএনপির অনুপস্থিত সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "ব্যবসার নামে কিছু অসাধু মুনাফালোভী ব্যক্তি আছে; তারা যেন দ্রব্যমূল্য কৃত্রিমভাবে বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। এছাড়া ইতিমধ্যে প্রণীত নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং তথাকথিত সিন্ডিকেটের প্রভাব থেকে বাজার মুক্ত হবে।" ফারুক খান বলেন, "টিসিবি'র আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে টিসিবিকে আরো সক্রিয় করারও কাজ চলছে।" ডি.ও (ডেলিভারি অর্ডার) প্রথা বিলোপ করে ডিস্ট্রিবিউটরশিপ প্রবর্তন করা হলে সারাদেশে পণ্যের একটি মাত্র সর্বোচ্চ মূল্য চালু হবে বলে জানান মন্ত্রী। ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নে ফারুক খান জানান, মুক্তবাজার অর্থনীতিতে সরকার সাধারণত বাজারে হস্তক্ষেপ করে না। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর টিসিবি'র মাধ্যমে বাাজরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিতরণ কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি করেছে। সরকার ইতিমধ্যে ডিও প্রথার পরিবর্তে ডিস্ট্রিবিউটরশিপ পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।" মো. মজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "আমদানি নির্ভর কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য বৃদ্ধির প্রভাব থেকে পরিত্রাণের জন্য সরকার ইতিমধ্যে টিসিবি'র মাধ্যমে এসব পণ্যের আমদানি, মজুদ ও বিতরণ বৃদ্ধি করেছে। "চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে টিসিবি চারশ ৪৪ কোটি ৭৩ লাখ টাকার পণ্য বিক্রি করেছে। এর ফলে গত বছর পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল।" নুরুল ইসলাম বিএসসি'র প্রশ্নে জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০০৫-২০০৬ থেকে গত অর্থ বছর পর্যন্ত পাঁচ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ হচ্ছে ১২ হাজার একশ ৪৭ দশমিক ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৪ ঘ.