২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে দেখা ২০১১বিদ্যুত বাড়লেও ছিলো লোড শেডিংয়ের যন্ত্রণা

বিদায়ী বছরে উৎপাদন প্রায় ১৪০০ মেগাওয়াট বাড়লেও দুই বার খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জনমনে ছিলো অসন্তোষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 03:48 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী বছরে বিদ্যুতের উৎপাদন প্রায় ১৪০০ মেগাওয়াট বাড়লেও বছরের অধিকাংশ সময় জুড়েই যন্ত্রণা হয়ে ছিলো লোড শেডিং। এর পাশাপাশি দুই বার খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জনমনেও ছিলো অসন্তোষ। নতুন বছরে ফেব্র“য়ারি থেকে পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০১১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করতে পারলেও চাহিদার সঙ্গে তা বিপরীতে সরবাহে ঘাটতি থাকছেই। কারণ দেশের প্রায় ৭০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ১৯টি ইউনিট বিকল থাকায় উৎপাদন কম হচ্ছে ১৬ শ’ মেগাওয়াটের বেশি। প্রায় এক বছর নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ থাকলেও চলতি বছরের মার্চ থেকে ফের সংযোগ দেওয়া শুরু হয়। তবে এর সঙ্গে সোলার প্যানেল বসানোর শর্ত জুড়ে দেওয়ায় তা নিয়ে তৈরি হয় নানা বিতর্ক। বিদ্যুতের দাম বাড়ানোর কারণ হিসেবে রেন্টাল (ভাড়াভিত্তিক) এবং কুইক রেন্টাল (দ্রুতভাড়া ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বছর জুড়েই ছিলো সমালোচনা। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মতে, বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার সরকারের এই কৌশল প্রশ্নবিদ্ধ। এর ফলে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি গুনতে হচ্ছে বলে সরকারকেও স্বীকার করতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে তাই এটাকেও যুক্তি হিসেবে দেখানো হচ্ছে। বিষয়টি স্বীকার করেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য, বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় এ ছাড়া কোনো উপায় ছিলো না। তার দাবি, রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না হলে লোড শেডিং এখন মারাত্মক রূপ নিতে। লোড শেডিংয়ের কারণ হিসেবে দেখা যায়, গত তিন বছরে ২ হাজার ৪০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলেও দেশের প্রায় ৭০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ১৯টি ইউনিট বিকল থাকায় উৎপাদন কম ছিলো ১৬ শ’ মেগাওয়াটের বেশি। বিদ্যুৎ সঙ্কটের জন্য সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরাও কথা বলেন। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ গত ১৮ অগাস্ট বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আক্রমণ করে তীব্র ভাষায় বক্তব্য দেন সংসদে। লোড শেডিংয়ের কবল থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী বৈঠক করলেও তা থেকে মুক্তি মেলেনি। তবে বছরের শেষ দিকে শীতের শুরুতে বিদ্যুতের লোড শেডিং কিছুটা সহনীয় পর্যায়ে আসে। এর আগে ঘন ঘন লোড শেডিংয়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ কার্যালয় ঘেরাও হয়, ঘটে ভাংচুরও। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি উদ্যোগে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ সিএফএল বাতি বিতরণ করা হয়েছে। তবে বিদায়ী বছরের সেপ্টেম্বরের মধ্যে আরো পৌনে ২ কোটি বিতরণের কথা থাকলেও তা হয়নি। দেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের গড় চাহিদা প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। ফলে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াট ঘাটতি থেকে যাচ্ছে সব সময়। সর্বশেষ গত ২৯ অগাস্ট বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন হয়েছিলো ৫ হাজার ২৪৪ মেগাওয়াট। চলতি বছরে খুচরায় দুই বারের পাশাপাশি পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম বেড়েছে তিন বার। এই ডিসেম্বর থেকে প্রতি ইউনিট পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম ২ টাকা ৮০ পয়সা থেকে ১৬ দশমিক ৭৯ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ২৭ পয়সা হয়েছে। আগামী বছরের ১ ফেব্র“য়ারিতে দ্বিতীয় দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম এখন ৪ টাকা ৭১ পয়সা। আর আগামী বছরের ১ ফেব্র“য়ারি এই দাম ৭ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৫ টাকা ০২ পয়সা হবে। নানা সঙ্কটের মধ্যে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত ০২ নভেম্বর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে ‘সহযোগিতা চুক্তি’ করেছে বাংলাদেশ। এ চুক্তি অনুযায়ী নির্মাণ কাজ, জনশক্তি উন্নয়ন ও আইনি কাঠামো তৈরিসহ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া। এই চুক্তির আওতায় রূপপুরে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এতে ১ হাজার মেগাওয়াটের দুটি ইউনিট থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/০৯৩০ ঘ.