২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘মহাকাশ শিল্প’ স্থাপনে আগ্রহী জাপান

কৃত্রিম উপগ্রহসহ মহাকাশযানের যন্ত্রপাতি তৈরির জন্য বাংলাদেশে শিল্প স্থাপনের আগ্রহ দেখিয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃত্রিম উপগ্রহসহ মহাকাশযানের যন্ত্রপাতি তৈরির জন্য বাংলাদেশে শিল্প স্থাপনের আগ্রহ দেখিয়েছে জাপান। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা প্রকাশ করেন। সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, জাপানের রাষ্ট্রদূত মন্ত্রীকে জানিয়েছেন যে, জাপান সরকার বাংলাদেশে মহাকাশযানের যান্ত্রাংশ তৈরির শিল্প স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। “স্যাটেলাইট উৎক্ষেপণের যাবতীয় যন্ত্রপাতিসহ মহাকাশযানে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি তৈরি করার জন্য বাংলাদেশে একটি বৃহৎ শিল্প স্থাপনে জাপানের আগ্রহ রয়েছে বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন।” আগামী মার্চ মাসে জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে জাপানে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও মন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। হাছান মাহমুদ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত বলেন, কূটনৈতিক সম্পর্কের ৪০বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সময় জাপানের উদ্যোক্তারা বাংলাদেশে উপস্থিত থাকবেন এবং বিনিয়োগের সুযোগ খুঁজে দেখবেন। জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গঠিত বাংলাদেশ সরকারের তহবিল, রাঙ্গুনিয়া ইপিজেডে শিল্প স্থাপন এবং কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণেও জাপান সরকারের সহায়তা প্রত্যাশা করেন মন্ত্রী। জাপানের রাষ্ট্রদূত এসব বিষয় তার সরকারকে জানানোর প্রতিশ্র“তি দেন বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/০৮৫০ ঘ.