২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বছরে চার-পাঁচশ কোটি ডলার বিদেশি বিনিয়োগ সম্ভব’

দেশের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান খাত উন্মুক্ত করলে বছরে চারশ থেকে পাঁচশ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসতে পারে বলে মন্তব্য করেছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান খাত উন্মুক্ত করলে বছরে চারশ থেকে পাঁচশ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসতে পারে বলে মন্তব্য করেছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। বুধবার রাজধানীতে বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ উন্নয়ন উদ্যোগ আয়োজিত ‘পুঁজি পণ্য শিল্পের উন্নয়ন’ শিরোনামের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদ। তিনি বলেন, “সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে আমরা রক্ষণশীল হতে পারি না। বিদেশি বিনিয়োগকারীরা শুধু অর্থই নিয়ে আসেন না, তাদের সঙ্গে সংস্কৃতিও আসে।” জাপানের রাজধানী টোকিওর তুলনায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্যারাওকের (জাপানি বিশেষ সঙ্গীত মাধ্যম/নাইট ক্লাব সংস্কৃতি) সংখ্যা বেশি- এ কথা উল্লেখ করে বিনিয়োগ বোর্ড চেয়ারম্যান বলেন, জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে আসা জাপানি সংস্কৃতি মালয়শিয়া সাদরে গ্রহণ করেছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, “বর্তমানে বোর্ডের কাছে দুই থেকে তিনশ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব থাকলেও তা আমলাতান্ত্রিক বাঁধার সম্মুখীন। তবে আমরা বিদেশি বিনিয়োগকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি।” বিদেশি বিনিয়োগ রক্ষায় বিনিয়োগ বোর্ডের প্রচেষ্টা হিসেবে লাফার্জ কোম্পানির প্রসঙ্গ টেনে ড. সামাদ বলেন, কোম্পানিটিকে রক্ষায় সক্রিয় ছিল বোর্ড। তিনি বলেন, “লাফার্জ কোম্পানিটি ফ্রান্সভিত্তিক। এর কারখানা বাংলাদেশে, আর কাঁচামাল আসে ভারত থেকে। “ভারত যখন [গতবছর] কাঁচামাল সরবরাহ বন্ধ করে দিয়েছিল তখন কোম্পানিটির [লাফার্জ] স্বার্থ অক্ষুণœ রাখতে বাংলাদেশ সরকার ও বিনিয়োগ বোর্ড ভারত সরকারের কাছে তদবির করেছিল।” নেতিবাচক ভাবমূর্তি ড. এসএ সামাদ বলেন, ইতিবাচক ভাবমূর্তি গড়তে কয়েক বছর লেগে গেলেও দুই একটি দুর্ঘটনায় পুরো ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “সেনা সমর্থিত বিগত তত্বাবধায়ক সরকারের আমলে আমি প্রায়ই দক্ষিণ কোরীয়দের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বলতাম। উত্তরে তারা বলত, ‘তোমরা তোমাদেরই ব্যাবসায়ীদের গ্রেপ্তার করেছো। আমরা এখানে কীভাবে নিরাপদ’?” “সম্ভাব্য বিনিয়োগকারীরা যখন আমার কাছে পরিবর্তিত সরকারের আমলে তাদের বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা চায় তখন নিজেকে পুরোপুরি অসহায় মনে হয়।” কোরীয় ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা) বিষয়টি গত ১৪ বছর ধরে ঝুলে আছে উল্লেখ করে বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, “বিষয়টির নিষ্পত্তি করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিৎ।” বিনিয়োগ নয়, ঋণ সহায়তা বিনিয়োগ ও ঋণ সহায়তা দানের ক্ষেত্রে বিভিন্ন দেশের মনোভাব সম্পর্কে ড. এসএ সামাদ বলেন, “অনেক দেশ আছে যারা বাংলাদেশকে ঋণ সহায়তা দিতে আগ্রহী কিন্তু এদেশে শিল্প- কারখানা গড়ে তুলতে আগ্রহী নয়।” জাপানি ঋণ সহায়তার উদাহরণ দিয়ে তিনি বলেন, “জাপান বাংলাদেশকে প্রতি বছর চারশ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়ে থাকে। আমি অনেক জাপানি নাগরিককে প্রশ্ন করেছি তারা কেন বাংলাদেশে বিনিয়োগ করে না। তাদের কেউই আমাকে এ প্রশ্নের সদুত্তর দেয়নি।” আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ উন্নয়ন উদ্যোগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সাদ আন্দালিব ও প্রতিষ্ঠাতা সদস্য আশরাফ আলী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/পিডি/২৩৪৭ ঘ.