ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত সূচক পতনে দিন শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকায় এ দিন লেনদেনে গতি এসেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৯ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ২২০ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৪৩ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৪৯৩ পয়েন্ট।
অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ বহাল রয়েছে- এমন খবরে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বাড়ে। ডিএসই সাধারণ সূচক ৮৪ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ২৩৯ পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন বাড়ে প্রায় ৬৩ কোটি।
বুধবারও চাঙ্গাভাবে লেনদেন শুরু হয় ডিএসইতে। শুরুর আধঘণ্টায় ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে বেড়ে যায় প্রায় ৬০ পয়েন্ট। ওই সময়ে লেনদেন হয় ১০০ কোটি টাকার শেয়ার।
এরপর কয়েকদফা ওঠানামা করলেও এক পর্যায়ে নিুমুখী প্রবণতা ভর করে সূচকে। ঢাকার বাজারে সারা দিনে লেনদেন হয় ৫২৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২৩ কোটি টাকা বেশি।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে সাড়ে ৪৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় সোয়া দুই কোটি টাকা বেশি।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করেছে বলে আমার মনে হয় না। বরং তারা আরো শেয়ার কিনেছে।”
তিনি বলেন, বৃহস্পতিবার ডিসেম্বরের শেষ কার্যদিবস। তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বছরের হিসাবে লোকসান কম দেখানোর জন্য এদিন আরো শেয়ার কিনেছেন।
তবে এদিন কিছু সাধারণ বিনিয়োগকারীর শেয়ার বিক্রির চাপের কথা জানিয়ে হাফিজ বলেন, “অনেকেই মনে করছে, বছর শেষের হিসাব সমাপনীর জন্য সূচক পড়তে পারে। এজন্য অল্প মুনাফায় থাকা অনেক বিনিয়োগকারীই শেয়ার বিক্রি করেছেন।”
ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আর থাকছে না- এ শিরোনামে একটি ইংরেজি দৈনিকে খবর প্রকাশিত হলে সোমবার বিরূপ প্রভাব দেখা যায় পুঁজিবাজারে।
আগের চার দিন সূচক ঊর্ধ্বমুখী থাকলেও সোমবার দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৭৭ পয়েন্ট কমে হয় ৫ হাজার ১৫৫ পয়েন্ট। ওইদিন লেনদেন হয় ৩৬০ কোটি টাকার শেয়ার, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪১ কোটি টাকা কম।
অপ্রদর্শিত আয় বিনিয়োগের বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালেই সংবাদ সম্মেলন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “এনবিআর পরিচালিত হয় আয়কর অধ্যাদেশ, মূল্য সংযোজন কর আইন ও শুল্ক আইনের মাধ্যমে। পুঁজিবাজারে প্রশ্ন ছাড়া অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ আয়কর অধ্যাদেশের অধীনে পড়ে। এক্ষেত্রে এনবিআরের পক্ষ থেকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না,” যোগ করেন তিনি।
দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সরকারে বিভিন্ন পদক্ষেপে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫২৫ ঘ.
bdnews24